কালিয়াগঞ্জ কলেজে স্টুডেন্টস’ উইক অবজারভেশনের সমাপ্তি ও পুরস্কার বিতরণ
কালিয়াগঞ্জ, প্রতিনিধি —পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যজুড়ে পালিত Students’ Week Observation 2026 উপলক্ষে কালিয়াগঞ্জ কলেজে সপ্তাহব্যাপী নানা কর্মসূচির সফল সমাপ্তি ঘটল বৃহস্পতিবার।২ জানুয়ারি থেকে ৮ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত এই কর্মসূচির অন্তর্গত ছিল সৃজনশীল লেখা, বিতর্ক, আবৃত্তি, সংগীত, নৃত্য ও পোস্টার মেকিং-সহ বিভিন্ন সাংস্কৃতিক ও সহ-পাঠ্য কার্যক্রম। এই ক’দিন কলেজ ক্যাম্পাসে ছাত্র–ছাত্রীদের সৃজনশীলতা, আত্মবিশ্বাস ও সক্রিয় অংশগ্রহণের প্রাণবন্ত বহিঃপ্রকাশ লক্ষ্য করা যায়।সমাপনী দিনে কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় Prize Distribution Ceremony। অনুষ্ঠানের সূচনা হয় উদ্বোধনী সংগীতের মাধ্যমে। সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডঃ ইন্দ্রজিত দাস। উপস্থিত ছিলেন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডঃ পবিত্র কুমার বর্মন, IQAC কো-অর্ডিনেটর ও রসায়ন বিভাগের অধ্যাপক ডঃ সঞ্জয় সাহা,
হিন্দি বিভাগের বর্ষীয়ান অধ্যাপক শ্রী সঞ্জীব কুমার ঝা, NCC ক্যাপ্টেন শ্রী অরূপ দাস-সহ অন্যান্য অধ্যাপক-অধ্যাপিকা ও শিক্ষাকর্মীবৃন্দ।বক্তব্যে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডঃ ইন্দ্রজিত দাস ছাত্র–ছাত্রীদের উদ্দেশ্যে বলেন,“শিক্ষার আসল সার্থকতা তখনই, যখন তা আত্মবিশ্বাস ও মানবিক মূল্যবোধ গড়ে তোলে।
”IQAC কো-অর্ডিনেটর ডঃ সঞ্জয় সাহা বলেন,“পাঠ্যশিক্ষার পাশাপাশি সহ-পাঠ্য কার্যক্রম শিক্ষার্থীদের সর্বাঙ্গীন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”বক্তারা তাঁদের বক্তব্যে শিক্ষার সর্বাঙ্গীন ও মানবিক বিকাশের উপর গুরুত্ব আরোপ করেন।
এই প্রসঙ্গে স্বামী বিবেকানন্দের—“Education is the manifestation of the perfection already in man”—এই ভাবনাকেই Students’ Week-এর মূল দর্শন হিসেবে তুলে ধরা হয়।অনুষ্ঠানের শেষ পর্বে বিভিন্ন প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জনকারী ছাত্র–ছাত্রীদের পুরস্কৃত করা হয়। পাশাপাশি অংশগ্রহণকারী সকল ছাত্র–ছাত্রীদের উদ্যোগ ও পরিশ্রমের ভূয়সী প্রশংসা করা হয়।
বক্তারা বলেন, পুরস্কার প্রাপ্তির পাশাপাশি অংশগ্রহণই শিক্ষার্থীদের প্রকৃত সাফল্য।এছাড়াও অনুষ্ঠানে ২০২৫ সালে কালিয়াগঞ্জ কলেজের কৃতি NCC ক্যাডারদের কলেজের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।সমগ্র অনুষ্ঠানটি সুচারুরূপে সঞ্চালনা করেন কলেজের সংস্কৃত বিভাগের অধ্যাপক দেবসুজন মুখোপাধ্যায় ও বাংলা বিভাগের অধ্যাপিকা রিমা দাস। অনুষ্ঠানের শেষে ইংরেজি বিভাগের অধ্যাপক শ্রী সরণ্য দত্ত ধন্যবাদ জ্ঞাপন করেন।







