কর্ণ রাজার পুকুরে রাজবংশী ঐতিহ্যের জাগরণ, সংবর্ধনায় জনসমুদ্র করণদিঘীতে

প্রদীপ সিনহার রিপোর্ট :-উত্তর দিনাজপুর জেলার করণদিঘীর ঐতিহাসিক কর্ণ রাজার পুকুর প্রাঙ্গণে মঙ্গলবার রাজবংশী সম্প্রদায়ের উদ্যোগে এক বিশাল ও জাঁকজমকপূর্ণ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঐতিহ্য, সংস্কৃতি ও সামাজিক ঐক্যের এক অনন্য দৃষ্টান্ত হয়ে ওঠে এই অনুষ্ঠান।এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করণদিঘীর বিধায়ক গৌতম পাল এবং উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল।

রাজবংশী সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ অতিথিদের উত্তরীয় ও বিশেষ সম্মানে ভূষিত করেন।অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজবংশী সম্প্রদায়ের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। কর্ণ রাজার পুকুর প্রাঙ্গণে কয়েক হাজার মানুষের উপস্থিতিতে উৎসবের আবহ তৈরি হয়।রাজবংশী সম্প্রদায়ের আবেগ, ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছে কর্ণ রাজার পুকুর।

সেই ঐতিহ্যকে সংরক্ষণ ও এলাকার সৌন্দর্যায়নের লক্ষ্যে পুকুরের চারপাশে একটি মনোরম ইকো পার্ক নির্মাণের কাজ চলবে বলে জানা গেছে।সংবর্ধনা অনুষ্ঠানের পাশাপাশি আয়োজিত হয় রাজবংশী লোকসংগীত ও বিভিন্ন মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। ঐতিহ্যবাহী গান ও নৃত্যে মুগ্ধ হন উপস্থিত দর্শকরা।সব মিলিয়ে এই অনুষ্ঠান রাজবংশী সমাজের ঐক্য, সংস্কৃতি ও ঐতিহ্যের এক উজ্জ্বল প্রতিফলন হিসেবে চিহ্নিত হয়ে থাকল।