উত্তর দিনাজপুরে রাষ্ট্রনায়ক ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী পালিত, কর্ণজোড়ায় বর্ণাঢ্য আয়োজন জেলা প্রশাসনের
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ | ৬ জুলাই:উৎসাহ, উদ্দীপনা, সাংস্কৃতিক পরিবেশনা এবং প্রদর্শনীর মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হল ভারত কেশরী ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী। সোমবার উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে রায়গঞ্জের কর্ণজোড়া অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের।অনুষ্ঠানের সূচনায় রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল ফিতা কেটে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন, কর্ম ও আদর্শকে তুলে ধরা একটি বিশেষ প্রদর্শনীর উদ্বোধন করেন। পরে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জন্মজয়ন্তী উদযাপনের সূচনা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুরের জেলাশাসক বিবেক কুমার, পুলিশ সুপার সোনায়ন কুলদীপ সুরেশ, রায়গঞ্জের মহকুমাশাসক তন্ময় বন্দ্যোপাধ্যায়, জেলার বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিক, বিশিষ্ট ব্যক্তিত্ব এবং বহু গণ্যমান্য অতিথি।
জন্মজয়ন্তী উপলক্ষে সারাদিন ধরে অনুষ্ঠিত হয় নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত শিল্পীরা দেশাত্মবোধক গান, নৃত্য ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন। পাশাপাশি ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনদর্শন, শিক্ষা, সমাজচিন্তা ও জাতীয় অবদানকে তুলে ধরা প্রদর্শনী ঘিরেও সাধারণ মানুষের মধ্যে ছিল ব্যাপক আগ্রহ।এই বর্ণময় অনুষ্ঠান প্রত্যক্ষ করতে কর্ণজোড়া অডিটোরিয়ামে সকাল থেকেই ভিড় জমান বহু মানুষ। উপস্থিত দর্শকদের মতে, এমন আয়োজন আগামী প্রজন্মকে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শ ও দেশগঠনে তাঁর অবদান সম্পর্কে নতুন করে জানতে উৎসাহিত করবে।শুধু কর্ণজোড়াতেই নয়, উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন বিদ্যালয়, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, পৌরসভা ও প্রশাসনিক কার্যালয়েও দিনভর যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার সঙ্গে পালিত হয় ভারত কেশরী ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী। জেলার সর্বত্রই দিনটি স্মরণীয় করে তুলতে অনুষ্ঠিত হয় মাল্যদান, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি।

