উত্তর দিনাজপুরে ভোটার প্রায় ২০ লক্ষ, বুথ ২৩৫৬—চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনের

তন্ময় চক্রবর্তী :-আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে উত্তর দিনাজপুর জেলায় ভোটার সংখ্যা ও বুথ সংক্রান্ত চূড়ান্ত পরিসংখ্যান প্রকাশ্যে এসেছে। প্রশাসন সূত্রে জানা গেছে, চলতি বছরের ৯ এপ্রিল পর্যন্ত  তথ্য অনুযায়ী জেলায় মোট ভোটার সংখ্যা ১৯ লক্ষ ৬৮ হাজার ৯৭৪।এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ১০ লক্ষ ৪১ হাজার ২৬ জন, মহিলা ভোটার ৯ লক্ষ ২৭ হাজার ৮৮২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা ৬৬ জন। ভোটারদের এই বিশাল অংশগ্রহণকে সামনে রেখে ইতিমধ্যেই প্রশাসন সবধরনের প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছে।ভোটগ্রহণের জন্য জেলায় মোট ২৩৫৬টি পোলিং স্টেশন (বুথ) তৈরি করা হয়েছে।

এর মধ্যে ২২৪৯টি মূল বুথ এবং ১০৭টি সহায়ক বুথ রয়েছে। প্রতিটি বুথে প্রয়োজনীয় পরিকাঠামো, নিরাপত্তা ব্যবস্থা ও নির্বাচন সংক্রান্ত সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

প্রশাসনের এক আধিকারিক জানান, এত বড় সংখ্যক ভোটার যাতে নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের কড়া নজরদারিতে প্রতিটি বুথে নিরাপত্তা বলয় তৈরি করা হচ্ছে।পাশাপাশি প্রবীণ ও বিশেষভাবে সক্ষম ভোটারদের জন্য আলাদা সুবিধা, পানীয় জল, শৌচাগার ও বিশ্রামের ব্যবস্থাও রাখা হয়েছে। নির্বাচন কর্মীরাও ইতিমধ্যেই বুথে পৌঁছে নিজেদের দায়িত্ব বুঝে নিচ্ছেন।সব মিলিয়ে, উত্তর দিনাজপুর জেলায় প্রায় ২০ লক্ষ ভোটারের এই গণতান্ত্রিক উৎসবকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত বলেই জানা গেছে। এখন কেবল অপেক্ষা ভোটের দিনের।