উত্তর দিনাজপুরে ভোটের মহাযজ্ঞে পূর্ণ প্রস্তুতি, ৯ বিধানসভায় মোট বুথ ২৩৫৬
তন্ময় চক্রবর্তী :-আসন্ন বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটকে সামনে রেখে উত্তর দিনাজপুর জেলায় জোরকদমে শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। জেলার মোট ৯টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণের জন্য তৈরি করা হয়েছে ২৩৫৬টি পোলিং স্টেশন (বুথ)। এর মধ্যে মূল বুথ ২২৪৯টি এবং সহায়ক (অক্সিলিয়ারি) বুথ রয়েছে ১০৭টি। পাশাপাশি নারী ভোটারদের স্বাচ্ছন্দ্য ও অংশগ্রহণ বাড়াতে জেলাজুড়ে মোট ৪৪৬টি মহিলা পরিচালিত বুথ গড়ে তোলা হয়েছে।
বিধানসভা ভিত্তিক বুথের বিশদ পরিসংখ্যান অনুযায়ী—চোপড়া কেন্দ্রে মোট বুথ ২৭০টি, যার মধ্যে ২৬১টি মূল বুথ ও ৯টি সহায়ক বুথ; মহিলা বুথ রয়েছে ৩৪টি।ইসলামপুর কেন্দ্রে ২৪৬টি বুথ (মূল ২৩৮, সহায়ক ৮) এবং মহিলা বুথ ৬০টি।গোয়ালপোখর কেন্দ্রে মোট ২৩৯টি বুথ (মূল ২৩৬, সহায়ক ৩), মহিলা বুথ ১৪টি।চাকুলিয়া কেন্দ্রে ২৪০টি বুথ (মূল ২৩৯, সহায়ক ১) এবং মহিলা বুথ ২২টি রয়েছে।করনদিঘি কেন্দ্রে বুথ সংখ্যা ২৮৯টি (মূল ২৭৬, সহায়ক ১৩), যার মধ্যে মহিলা বুথ ৩৬টি।হেমতাবাদ (এসসি) কেন্দ্রে মোট বুথ ২৭৯টি (মূল ২৬৬, সহায়ক ১৩), মহিলা বুথ ৪২টি।কালিয়াগঞ্জ (এসসি) কেন্দ্রে জেলার মধ্যে সর্বাধিক ৩২১টি বুথ (মূল ২৮২, সহায়ক ৩৯) রাখা হয়েছে, যার মধ্যে ৬৮টি মহিলা বুথ।অন্যদিকে, রায়গঞ্জ কেন্দ্রে মোট বুথ সংখ্যা ২২৩টি (মূল ২১৩, সহায়ক ১০) হলেও এখানে মহিলা বুথের সংখ্যা সর্বোচ্চ—১২৪টি, যা জেলার মধ্যে বিশেষ নজরকাড়া।ইটাহার কেন্দ্রে মোট বুথ ২৪৯টি (মূল ২৩৮, সহায়ক ১১), যার মধ্যে মহিলা বুথ ৪৬টি রয়েছে।প্রশাসন সূত্রে জানা গেছে, প্রতিটি বুথে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের সমন্বয়ে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে, যাতে ভোটাররা নির্বিঘ্নে ও নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।
পাশাপাশি পানীয় জল, বিদ্যুৎ, শৌচাগারসহ ন্যূনতম পরিকাঠামো নিশ্চিত করার দিকেও বিশেষ নজর দেওয়া হয়েছে।এছাড়াও, প্রবীণ ও বিশেষভাবে সক্ষম ভোটারদের জন্য বিশেষ সুবিধার ব্যবস্থা রাখা হয়েছে বলে প্রশাসন জানিয়েছে। নির্বাচনী কর্মীরা ইতিমধ্যেই বিভিন্ন বুথে পৌঁছে গিয়ে প্রস্তুতি খতিয়ে দেখছেন।সব মিলিয়ে, উত্তর দিনাজপুর জেলায় শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত বলেই দাবি করা হয়েছে। এখন চোখ ভোটের দিনের দিকে, যেখানে গণতন্ত্রের এই বৃহৎ উৎসবে অংশ নেবেন লক্ষ লক্ষ ভোটার।

