ইসলামপুরের বিধায়কের মুকুটে নতুন পালক, পিএসি–র চেয়ারম্যান হলেন কানাইলাল আগারওয়াল
পশ্চিমবঙ্গ বিধানসভার অন্যতম গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটি পাবলিক অ্যাকাউন্টস কমিটি (Public Accounts Committee – PAC)–র চেয়ারম্যান হিসেবে মনোনীত হলেন ইসলামপুর বিধানসভার বিধায়ক কানাইলাল আগারওয়াল। মঙ্গলবার বিধানসভার পক্ষ থেকে তাঁকে আনুষ্ঠানিকভাবে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণের বিষয়টি জানানো হয়।এই দায়িত্ব পাওয়ার খবর প্রকাশ্যে আসতেই ইসলামপুর বিধানসভা এলাকায় দলীয় কর্মী–সমর্থকদের মধ্যে উৎসাহের পরিবেশ তৈরি হয়েছে। রাজনৈতিক মহলের একাংশের মতে, দীর্ঘ প্রশাসনিক ও জনসংযোগমূলক অভিজ্ঞতার ভিত্তিতেই কানাইলাল আগারওয়ালের উপর এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করা হয়েছে।

দায়িত্ব পাওয়ার পর কানাইলাল আগারওয়াল জানান, পশ্চিমবঙ্গ বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটি সরকারের বিভিন্ন দপ্তরের ব্যয়, আর্থিক শৃঙ্খলা এবং মহালেখা পরীক্ষকের (CAG) রিপোর্টের সুপারিশগুলি পর্যালোচনার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই কারণে এই দায়িত্ব অত্যন্ত নিষ্ঠা, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে পালন করার চেষ্টা করবেন বলে তিনি আশ্বাস দেন।তিনি আরও জানান, খুব শীঘ্রই পাবলিক অ্যাকাউন্টস কমিটির প্রথম বৈঠক আহ্বান করা হবে। সেখানে কমিটির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, বিভিন্ন সরকারি দপ্তরের আর্থিক নিরীক্ষা সংক্রান্ত বিষয় এবং গুরুত্বপূর্ণ প্রশাসনিক ইস্যু নিয়ে আলোচনা হবে।নতুন এই দায়িত্ব পাওয়ার জন্য তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী–র প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে বিধানসভার অধ্যক্ষ, সহকর্মী বিধায়ক এবং ইসলামপুরের সাধারণ মানুষের প্রতিও তিনি ধন্যবাদ জানান।কানাইলাল আগারওয়াল বলেন,
“বিধানসভার পক্ষ থেকে আজ আমাকে আনুষ্ঠানিকভাবে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়ার কথা জানানো হয়েছে। এটি অত্যন্ত সম্মানের বিষয়। খুব শীঘ্রই কমিটির বৈঠক ডাকা হবে এবং বিধানসভার নিয়ম মেনে স্বচ্ছ ও দায়িত্বশীলভাবে কাজ করা হবে। এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার জন্য আমি মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারীকে আন্তরিক ধন্যবাদ জানাই।“রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রাজ্যের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে পাবলিক অ্যাকাউন্টস কমিটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই কমিটির চেয়ারম্যান হিসেবে কানাইলাল আগারওয়ালের নিয়োগ ইসলামপুর তথা উত্তর দিনাজপুর জেলার জন্যও একটি তাৎপর্যপূর্ণ ঘটনা বলে মনে করা হচ্ছে।

