দলের শৃঙ্খলা রক্ষার উপর বিশেষ জোর দিল রাজ্য বিজেপি নেতৃত্ব

১৫ বছর আগে তৃণমূল শাসনে এসে ধীরে ধীরে তোলাবাজি, কাটমানি শুরু করে। কিন্তু বিজেপি শাসনে আসার পরেই সারা বাংলা জুড়ে জুরু হয়ে যায় তোলাবাজি, কাটমানি, সিন্ডিকেট। তা বন্ধ করতে চেষ্টা করেছে রাজ্য কমিটি। রাজ্যের সভাপতি শমীক ভট্টাচার্য থেকে কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসলরা বারবার সেই শৃঙ্খলার পাঠ পড়িয়েছেন দলের সর্বস্তরের নেতাদের। কিন্তু এই মুহূর্তে রাজ্যের ক্ষমতাসীন বিজেপির একাংশ নেতা-কর্মীদের বিরুদ্ধে বারবার শৃঙ্খলাভঙ্গের নালিশ জমা পড়ছে।

শুক্রবার সল্টলেকের বিজেপি দপ্তরে দলের বৈঠকে তা নিয়ে চরম হুঁশিয়ারি দিলেন সুনীল বনসল। তাঁর স্পষ্ট বক্তব্য, ‘‘নেতৃত্বের নির্দেশ অমান্য করলে পরতে হবে কড়া শাস্তির মুখে। এমন কোনও আচার-আচরণ করবেন না, যাতে দল ব্যবস্থা নিতে বাধ্য হয়।” ৪ মে অর্থাৎ রাজ্যে বিজেপি ক্ষমতাদখলের পর থেকে তৃণমূলের নিচুস্তরের নেতা-কর্মীদের মধ্যে দলবদলে হিড়িক দেখা গিয়েছিল। তবে এ বিষয় সবার আগে কড়া পদক্ষেপের কথা বলেছিলেন বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।তিনি স্পষ্ট জানিয়েছিলেন, তৃণমূল থেকে ‘বেনোজল’ ঢুকতে দেওয়া যাবে না। তারপরও অবশ্য এই প্রবাহ থেমে থাকেনি।

দেখা গিয়েছে, কোথাও কোথাও বিজেপির একদল নেতার মদতে তৃণমূল থেকে কর্মী-সদস্যরা যোগদান করেছেন। সম্প্রতি জেলায় জেলায় এনিয়ে বিজেপির অন্দরের কোন্দলও প্রকাশ্যে এসেছে। শীর্ষ নেতৃত্বের কাছে স্পষ্ট যে তাঁরা বেনোজল রুখতে যতই কঠোর হোন, নিচুস্তরের সদস্যদের হাত ধরেই সেই নির্দেশ অমান্য হচ্ছে। এরপরই দলে নিয়মশৃঙ্খলা ফেরাতে একেবারে কঠোরতর বার্তা দিলেন সুনীল বনসল, শমীক ভট্টাচার্যরা।

সূত্রের খবর, শুক্রবারের রুদ্ধদ্বার বৈঠকে বঙ্গ বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক তথা সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, ‘‘সংগঠনকে এড়িয়ে কিছু করা চলবে না। সংগঠনের বৈঠকে অনেক জায়গায় লক্ষ্য করা গিয়েছে, কোনও কোনও বিধায়করা তাঁদের প্রতিনিধি পাঠাচ্ছেন।

 

নিজে আসছেন না। বিধায়করা না কি খুব ব্যস্ত যে সংগঠনের বৈঠকে আসতে পারছেন না। যদি না আসতে পারেন, তাহলে বৈঠকে প্রতিনিধি পাঠানোর প্রয়োজন নেই।” তাঁর আরও সতর্কবার্তা, ‘‘এমন কোনও আচার-আচরণ করবেন না, যাতে দল ব্যবস্থা নিতে বাধ্য হয়।”