লাল ধুতি, সাদা চাদরে অন্য রূপে সাংসদ কার্তিক পাল! স্ত্রী মিঠু পাল ও বিধায়ক উৎপল মহারাজকে সঙ্গে নিয়ে শ্রীমতী ঘাটে গঙ্গা আরতি, ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী কালিয়াগঞ্জবাসী!

তন্ময় চক্রবর্তী কালিয়াগঞ্জ:এ যেন এক অপূর্ব দৃশ্য! ছটপুজোর সন্ধ্যায় ভক্তি, আধ্যাত্মিকতা ও সম্প্রীতির এক অনন্য ছবি দেখল কালিয়াগঞ্জ। পরনে লাল ধুতি, গায়ে গেঞ্জি, তার উপর সাদা রঙের চাদর জড়ানো। রবিবার সন্ধ্যায় সম্পূর্ণ অন্য এক রূপে দেখা গেল রায়গঞ্জের সাংসদ তথা কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি কার্তিক চন্দ্র পালকে।

 

সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী মিঠু পাল এবং কালিয়াগঞ্জের বিধায়ক উৎপল মহারাজ। ছটপুজোর অর্ঘ্য নিবেদন পর্ব শেষ হতেই কালিয়াগঞ্জের শ্রীমতী নদীর শান্তি কলোনি ঘাটে গঙ্গা আরতিতে অংশ নেন তাঁরা।সাংসদ কার্তিক চন্দ্র পালের নেতৃত্বে এই বিশেষ গঙ্গা আরতির আয়োজন ঘিরে ঘাটজুড়ে তৈরি হয় এক অন্যরকম আধ্যাত্মিক পরিবেশ। আরতির আলো, ধূপের সুগন্ধ, মন্ত্রোচ্চারণ এবং নদীর বুকে সন্ধ্যার আবহ—সব মিলিয়ে এক মনোমুগ্ধকর দৃশ্যের সাক্ষী থাকলেন অসংখ্য কালিয়াগঞ্জবাসী।স্থানীয় মানুষের অনেকেরই বক্তব্য, কালিয়াগঞ্জের ইতিহাসে ছটপুজো উপলক্ষে এমন বর্ণাঢ্য গঙ্গা আরতির দৃশ্য তাঁরা আগে কখনও দেখেননি। তাঁদের কাছে এটি ছিল একেবারেই নতুন অভিজ্ঞতা। ঐতিহাসিক ও নজরকাড়া এই আয়োজন দেখতে রবিবার সন্ধ্যায় শ্রীমতী নদীর ঘাটে কার্যত মানুষের ঢল নামে। সাংসদ, বিধায়ক ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে সাধারণ মানুষের উৎসাহ ও উদ্দীপনাও ছিল চোখে পড়ার মতো।আরতি দেখতে আসা মানুষের চোখেমুখে ছিল আনন্দ, উচ্ছ্বাস ও ভক্তির আবেগ। অনেকেই এই আয়োজনকে কালিয়াগঞ্জের ধর্মীয় ও সাংস্কৃতিক জীবনে এক স্মরণীয় সংযোজন বলে মনে করছেন।সব মিলিয়ে এবারের ছট উৎসব শুধুমাত্র সূর্যদেবের আরাধনায় সীমাবদ্ধ থাকল না। বরং হিন্দিভাষী ও বাংলাভাষী মানুষের সম্প্রীতি, ঐক্য এবং সাংস্কৃতিক মেলবন্ধনের এক অনন্য নজির হয়ে রইল কালিয়াগঞ্জের শ্রীমতী নদীর ঘাটের এই গঙ্গা আরতি। রবিবারের সন্ধ্যা তাই কালিয়াগঞ্জবাসীর স্মৃতিতে দীর্ঘদিন এক বিশেষ মুহূর্ত হয়ে থেকে যাবে।