রাস্তা দখল করে ওষুধের ব্যবসা! কালিয়াগঞ্জে দুই ওষুধের দোকানের সামনে মোটরবাইকের জট, বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা

তন্ময় চক্রবর্তী , কালিয়াগঞ্জ: রাস্তা দখল করে ব্যবসা করা যাবে না—সাধারণ মানুষের সুবিধা ও যান চলাচল স্বাভাবিক রাখতে বারবার এই বার্তা দিয়ে আসছে রাজ্য সরকার। অথচ কালিয়াগঞ্জ শহরের কয়েকটি ব্যস্ত এলাকায় সেই নির্দেশের বাস্তবায়ন নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ করে শহরের দুটি ওষুধের দোকানের সামনে রাস্তার উপর মোটরবাইক, সাইকেল ও টোটো দাঁড় করিয়ে রাখার অভিযোগে চরম সমস্যায় পড়ছেন পথচারীরা।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কালিয়াগঞ্জ রেলস্টেশনের সামনে অবস্থিত একটি ওষুধের দোকানের সামনে দীর্ঘক্ষণ ধরে মোটরবাইক দাঁড় করিয়ে রাখার দৃশ্য চোখে পড়ে।

দূর থেকে দেখলে অনেক সময় জায়গাটিকে মোটরবাইকের শোরুম বলে ভুল হতে পারে। কিন্তু কাছে গেলেই দেখা যায়, ওষুধ কিনতে আসা গ্রাহকদের মোটরবাইক রাস্তার উপর দাঁড় করানো রয়েছে। একই ধরনের ছবি দেখা যাচ্ছে কালিয়াগঞ্জের গুরুত্বপূর্ণ হাসপাতাল রোডে অবস্থিত আরও একটি ওষুধের দোকানের সামনেও।

 

অভিযোগ, দোকানের সামনে রাস্তার একটি বড় অংশ জুড়ে মোটরবাইক দাঁড়িয়ে থাকায় সাধারণ মানুষের যাতায়াতে বাধা সৃষ্টি হচ্ছে। বিশেষ করে হাসপাতাল রোডের মতো গুরুত্বপূর্ণ রাস্তায় অ্যাম্বুল্যান্স-সহ বিভিন্ন জরুরি পরিষেবার গাড়ি চলাচল করে। সেখানে রাস্তার একাংশ দীর্ঘক্ষণ দখল হয়ে থাকলে যান চলাচলে সমস্যা তৈরি হওয়ার পাশাপাশি জরুরি পরিস্থিতিতে বিপদের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না।স্থানীয় বাসিন্দাদের একাংশের বক্তব্য, ওষুধের দোকানে মানুষ ওষুধ কিনতে আসবেন, এটাই স্বাভাবিক। কিন্তু সেই কারণে রাস্তার উপর ঘণ্টার পর ঘণ্টা যানবাহন দাঁড় করিয়ে রাখা কতটা যুক্তিসংগত, সেই প্রশ্ন উঠছে।

 

তাঁদের অভিযোগ, দোকান কর্তৃপক্ষের তরফে যানবাহন সরিয়ে রাখার বিষয়ে কার্যকর উদ্যোগ চোখে পড়ছে না। গ্রাহক অসন্তুষ্ট হয়ে অন্য দোকানে চলে যেতে পারেন—এই আশঙ্কায় দোকানদাররা হয়তো কড়া পদক্ষেপ করতে চাইছেন না বলেও মনে করছেন কেউ কেউ। যদিও এ বিষয়ে সংশ্লিষ্ট দোকান কর্তৃপক্ষের বক্তব্য জানা যায়নি।

শহরবাসীর প্রশ্ন, ব্যবসার স্বার্থ কি সাধারণ মানুষের নিরাপদে পথ চলার অধিকারের চেয়ে বড়? ওষুধ কেনার মতো জরুরি প্রয়োজন মেটাতে গিয়ে কেন পথচারীদের রাস্তা দিয়ে চলাচল করতে সমস্যায় পড়তে হবে? আর হাসপাতাল রোডে যদি কোনও জরুরি গাড়ি যানজটে আটকে পড়ে, তার দায়ভার কে নেবে?

 

স্থানীয় বাসিন্দাদের দাবি, বিষয়টি খতিয়ে দেখে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ করা উচিত। রাস্তার উপর অবৈধভাবে যানবাহন দাঁড় করানো হচ্ছে কি না, তা পরীক্ষা করে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে। পাশাপাশি ওষুধের দোকানে আসা গ্রাহকদের জন্য উপযুক্ত পার্কিংয়ের ব্যবস্থা করা সম্ভব কি না, সেটিও বিবেচনা করার কথা বলছেন তাঁরা।কালিয়াগঞ্জ শহরের ব্যস্ত রাস্তাগুলিতে পথচারীদের নিরাপত্তা এবং জরুরি পরিষেবার গাড়ি চলাচল নির্বিঘ্ন রাখা অত্যন্ত জরুরি। তাই সম্ভাব্য দুর্ঘটনা ঘটার আগেই প্রশাসন বিষয়টিতে নজর দেবে—এমনটাই প্রত্যাশা শহরবাসীর।