মঞ্চে তাৎক্ষণিক বক্তৃতার ঝড়! প্রথম হয়ে কালিয়াগঞ্জের মুখ উজ্জ্বল করল সংকল্প, কুইজে সেরা সরলা সুন্দরী

তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ, ২৯ আগস্ট:তাৎক্ষণিক বক্তৃতার মঞ্চে নিজের প্রতিভার জোরে সেরার শিরোপা ছিনিয়ে নিয়ে কালিয়াগঞ্জের মুখ উজ্জ্বল করল পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের ছাত্র সংকল্প চক্রবর্তী। পশ্চিমবঙ্গ সরকারের সংসদ বিষয়ক দপ্তরের উদ্যোগে, উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের সহযোগিতায় এবং কালিয়াগঞ্জ পৌরসভার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত দুই দিনব্যাপী বক্তৃতা, কুইজ ও প্রবন্ধ রচনা প্রতিযোগিতার সমাপ্তি হলো শনিবার।কালিয়াগঞ্জ পৌরসভার বিবেকানন্দ পৌর উৎসব ভবনে আয়োজিত এই প্রতিযোগিতাকে ঘিরে ছাত্রছাত্রীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। বিভিন্ন বিদ্যালয়ের পড়ুয়ারা নিজেদের মেধা ও প্রতিভা তুলে ধরার সুযোগ পায়।তাৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের সংকল্প চক্রবর্তী।

তাৎক্ষণিক বক্তৃতায় প্রথম স্থানাধিকারি পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের ছাত্র সংকল্প চক্রবর্তীর হাতে পুরস্কার তুলে দিচ্ছেন কালিয়াগঞ্জ পৌর সভার কমিশনার শ্রীমতী বর্ণালী দাস।

দ্বিতীয় স্থান অর্থাৎ প্রথম রানার্স-আপ হয় সরলা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের আসমা উজ্জামান। তৃতীয় স্থান অধিকার করে পানজিরা ইয়াসমিন।কুইজ প্রতিযোগিতাতেও ছিল হাড্ডাহাড্ডি লড়াই। শেষ পর্যন্ত প্রথম স্থান দখল করে কালিয়াগঞ্জ সরলা সুন্দরী উচ্চ বিদ্যালয়। প্রথম রানার্স-আপ হয় কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয় এবং দ্বিতীয় রানার্স-আপের সম্মান পায় কালিয়াগঞ্জ মিলনময়ী উচ্চ বালিকা বিদ্যালয়।অন্যদিকে, প্রবন্ধ রচনা প্রতিযোগিতায়ও পড়ুয়াদের মধ্যে দেখা যায় ব্যাপক প্রতিযোগিতা। এই বিভাগে প্রথম স্থান অধিকার করে কালিয়াগঞ্জ মনমোহন বালিকা বিদ্যালয়ের ছাত্রী স্নেহা দত্ত। প্রথম রানার্স-আপ হয় কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের ছাত্র অনুরাগ সরকার।অনুষ্ঠানের শেষে কৃতী ছাত্রছাত্রী ও বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জের সাংসদ তথা কালিয়াগঞ্জ পৌরসভার চেয়ারম্যান কার্তিক চন্দ্র পাল, কালিয়াগঞ্জ পৌরসভার কমিশনার গৌরাঙ্গ দাস-সহ অন্যান্য কমিশনার ও বিশিষ্ট ব্যক্তিরা।দুই দিন ধরে চলা এই অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের মধ্যে শুধু প্রতিযোগিতার মনোভাবই নয়, জ্ঞানচর্চা, আত্মবিশ্বাস এবং তাৎক্ষণিক চিন্তাশক্তি প্রকাশের সুযোগ তৈরি হয়। প্রতিযোগিতার শেষ দিনেও পড়ুয়াদের উচ্ছ্বাস ও উৎসাহে মুখর হয়ে ওঠে বিবেকানন্দ পৌর উৎসব ভবন।আয়োজকদের মতে, ছাত্রছাত্রীদের মেধা ও প্রতিভাকে সামনে আনার পাশাপাশি তাদের মধ্যে যুক্তিবোধ, জ্ঞানচর্চা, আত্মবিশ্বাস এবং সৃজনশীল চিন্তাভাবনা গড়ে তুলতেই এই ধরনের প্রতিযোগিতার আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।