১০০ দিনেই প্রতিশ্রুতি পূরণে নজির বিজেপি সরকারের, দাবি সাংসদ কার্তিক চন্দ্র পালের

তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ, ১৮ আগস্ট:রাজ্যে পালাবদলের ১০০ দিনের মধ্যেই নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে বিজেপি সরকার নজির সৃষ্টি করেছে বলে দাবি করলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল। মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে বিজেপির জেলা কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে রাজ্য সরকারের ১০০ দিনের বিভিন্ন কাজ ও সিদ্ধান্তের খতিয়ান তুলে ধরে তিনি এই দাবি করেন।সাংসদ কার্তিক চন্দ্র পাল বলেন, রাজ্যে বিজেপি সরকার গঠনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং রাজ্যের বিজেপি নেতৃত্ব সাধারণ মানুষের কাছে একাধিক প্রতিশ্রুতি দিয়েছিলেন।

তাঁর দাবি, সরকার গঠনের মাত্র ১০০ দিনের মধ্যেই সেই প্রতিশ্রুতিগুলির একাধিক বাস্তবায়ন করে দেখিয়েছে বিজেপি সরকার। সরকারের সদিচ্ছা থাকলে মানুষের জন্য কতটা কাজ করা সম্ভব, এই ১০০ দিনের কর্মকাণ্ড তারই প্রমাণ বলে মন্তব্য করেন তিনি।কার্তিক পাল আরও দাবি করেন, সীমান্ত সুরক্ষার কাজে জমি হস্তান্তর নিয়ে দীর্ঘদিন ধরে সমস্যা ছিল।

 

বিজেপি সরকার ক্ষমতায় আসার মাত্র ১৫ দিনের মধ্যেই সেই জমি হস্তান্তরের কাজ সম্পন্ন করা হয়েছে। তাঁর অভিযোগ, আগের সরকার এই গুরুত্বপূর্ণ কাজটি ইচ্ছাকৃতভাবে করেনি।রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ প্রসঙ্গেও সরকারের সাফল্যের কথা তুলে ধরেন সাংসদ।

 

তাঁর দাবি, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর সরকারি কর্মচারীদের জন্য ২৮ শতাংশ ডিএ দেওয়ার ঘোষণা করা হয়েছে এবং একই সঙ্গে সপ্তম বেতন কমিশন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।মহিলাদের জন্যও একাধিক প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবি করেন কার্তিক চন্দ্র পাল। তাঁর বক্তব্য, লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে অন্নপূর্ণা ভাণ্ডারে মাসিক ৩,০০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি।

 

সরকার গঠনের পর সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়েছে সরকার। পাশাপাশি ১০০ দিনের কাজের পরিবর্তে ১২৫ দিনের কাজ চালু করা এবং আশা কর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীদের ৫,০০০ টাকা ভাতা বৃদ্ধি করার কথাও উল্লেখ করেন তিনি।সাংসদ বলেন, সরকারের একের পর এক সিদ্ধান্ত সাধারণ মানুষের স্বার্থের সঙ্গে সরাসরি যুক্ত। তাঁর দাবি, গত ১০০ দিনে উন্নয়ন, কর্মসংস্থান, সরকারি কর্মচারী, মহিলা এবং গ্রামীণ মানুষের স্বার্থে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে।এদিন আর জি কর মামলার প্রসঙ্গও তোলেন কার্তিক চন্দ্র পাল। তাঁর দাবি, আর জি কর সংক্রান্ত পুরনো ফাইল নতুন করে খোলা এবং তদন্তের বিষয়টি সামনে আসায় সাধারণ মানুষের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে।সব মিলিয়ে বিজেপি সরকারের প্রথম ১০০ দিনকে ‘প্রতিশ্রুতি পূরণের ১০০ দিন’ হিসেবে তুলে ধরে সাংসদ কার্তিক চন্দ্র পাল দাবি করেন, আগামী দিনেও মানুষের স্বার্থে আরও একাধিক গুরুত্বপূর্ণ কাজ করবে রাজ্য সরকার।