“সাংবাদিকদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করা জরুরি” —কালিয়াগঞ্জে জেলা প্রেস ক্লাবের সম্মেলনে বার্তা মন্ত্রীদের

তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ, ৫ জুলাই:সমাজে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সংবাদমাধ্যমকে আরও শক্তিশালী করতে সাংবাদিকদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করা সময়ের দাবি।

রবিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের বিবেকানন্দ পৌর ভবনে অনুষ্ঠিত উত্তর দিনাজপুর জেলা প্রেস ক্লাবের ১৬তম দ্বিবার্ষিক সম্মেলনের প্রকাশ্য সভায় এই মন্তব্য করেন রাজ্য সরকারের দমকল ও জরুরি পরিষেবা এবং শিক্ষা প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী।তিনি বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। মানুষের সমস্যা, প্রশাসনের কাজ এবং সমাজের নানা দিক তুলে ধরতে তাঁদের নিরলস পরিশ্রম করতে হয়। তাই প্রতিটি সাংবাদিকের সামাজিক সুরক্ষা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।”অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন ও আইন দপ্তরের প্রতিমন্ত্রী বিরাজ বিশ্বাস।

তিনি বলেন, “কোনও সংবাদ কারও পক্ষে গেলে সাংবাদিকদের প্রশংসা করা হয়, আবার বিপক্ষে গেলেই তাঁদের নানা ভাবে হেয় করার চেষ্টা করা হয়। সাংবাদিকদের উপর এই ধরনের চাপ সৃষ্টি বা বাঁধনের মধ্যে রাখার মানসিকতা গণতন্ত্রের পক্ষে কখনওই শুভ নয়। স্বাধীন সাংবাদিকতাই সুস্থ সমাজের ভিত্তি।

“রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল তাঁর বক্তব্যে বলেন, “অনেকে মজা করে বলেন আমি নাকি সাংবাদিক হয়ে গিয়েছি, কারণ জেলার বিভিন্ন প্রেস ক্লাবের কর্মকাণ্ডে আমি সহযোগিতা করি। বাস্তবে আমি শুধু সাংবাদিকদের ভালো কাজের প্রশংসা করি এবং তাঁদের পাশে থাকার চেষ্টা করি। এতে যদি কেউ বিরূপ মন্তব্য করেন, তাতেও আমার কিছু যায় আসে না। যতদিন সাংসদ হিসেবে দায়িত্বে থাকব, সাংবাদিকদের স্বার্থে কাজ করে যাব।”সম্মেলনে উত্তর দিনাজপুরের জেলা শাসক বিবেক কুমার জেলার সাংবাদিকদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।

তিনি বলেন, “সরকারের উন্নয়নমূলক প্রকল্প ও জনকল্যাণমূলক উদ্যোগের সঠিক তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতাই সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারে।”জানা যায়, উত্তর দিনাজপুর জেলা প্রেস ক্লাবের মোট ১১২ জন সদস্যের মধ্যে ৯৩ জন সাংবাদিক এদিনের সম্মেলনে উপস্থিত ছিলেন। দিনভর সাংগঠনিক আলোচনা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং সাংবাদিকদের স্বার্থ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে মতবিনিময়ের পর সর্বসম্মতিক্রমে নতুন জেলা কমিটি গঠন করা হয়।সম্মেলনের শেষে মেহেদী হিদায়তুল্ল্যাকে সভাপতি এবং অমিত  সরকার  সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৪১ সদস্যের একটি শক্তিশালী জেলা কমিটি গঠন করা হয়। নতুন কমিটির নেতৃত্বে উত্তর দিনাজপুরে সাংবাদিকদের ঐক্য, পেশাগত উন্নয়ন এবং অধিকার রক্ষার ক্ষেত্রে আরও সক্রিয় ভূমিকা নেওয়া হবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত সদস্যরা।