বালুরঘাটে দুর্গাপূজার আগে নকল ও বাসি খাবারের বিরুদ্ধে প্রশাসনের অভিযান

বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর | ১৬ সেপ্টেম্বর, ২০২৫ দুর্গাপূজার প্রাক্কালে খাদ্যসুরক্ষায় কড়া পদক্ষেপ নিল প্রশাসন। মঙ্গলবার সকালে বালুরঘাট শহরে বিশেষ অভিযানে নামল রাজ্য খাদ্য সুরক্ষা দপ্তর, মেট্রোলজি দপ্তর এবং খাদ্য সিকিউরিটি শাখার যৌথ দল।অভিযানের সময় শহরের একাধিক মিষ্টির দোকান ও খাদ্য উৎপাদন কেন্দ্রে তল্লাশি চালানো হয়। দেখা যায়, কয়েকটি উৎপাদন কেন্দ্রে বিপুল পরিমাণ বাসি খাবার মজুত রাখা হয়েছে। এছাড়াও শহরের বিভিন্ন দোকানে মেয়াদোত্তীর্ণ বা মেয়াদ উল্লেখবিহীন প্যাকেটজাত খাবার বিক্রি হতে দেখা যায়।

 

যা সাধারণ মানুষের স্বাস্থ্যের জন্য গুরুতর ঝুঁকি তৈরি করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন আধিকারিকরা।খাদ্যসুরক্ষা দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, “কোনও দোকানদার বা কারখানা মালিক যদি নিম্নমানের বা মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রি করেন, তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।”অভিযান চালানো আধিকারিকরা জানান, দুর্গোৎসবের সময় শহরে মিষ্টি ও প্যাকেটজাত খাবারের চাহিদা বেড়ে যায়। এই সময় সাধারণ মানুষ যাতে কোনওভাবেই নকল বা ক্ষতিকর খাবার না কেনেন, তার জন্যই এই ধরনের অভিযান অত্যন্ত জরুরি।একইসঙ্গে ক্রেতাদেরও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। দোকান থেকে কেনার সময় খাবারের মোড়কে মেয়াদ ও প্রয়োজনীয় তথ্য খুঁটিয়ে দেখে কেনার জন্য প্রশাসনের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে।দুর্গাপূজার কয়েকদিন আগে এই উদ্যোগের ফলে উৎসবের আমেজ নষ্ট না করে বালুরঘাটবাসীকে নিরাপদ ও মানসম্মত খাবার সরবরাহ করা সম্ভব হবে বলে আশা প্রশাসনের।