“প্রার্থী বাছাইয়ে ধোঁয়াশা! উত্তর দিনাজপুরে বিজেপির ‘সেটিং তত্ত্ব’ নিয়ে তীব্র প্রশ্ন, ক্ষোভে ফুঁসছে কর্মীরা”

তন্ময় চক্রবর্তী উত্তর দিনাজপুর :– বিধানসভা নির্বাচনের মুখে উত্তর দিনাজপুর জেলার রাজনৈতিক পরিস্থিতি নতুন মোড় নিয়েছে। জেলার একাধিক বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী ঘোষণা নিয়ে ধোঁয়াশা ও বিলম্ব ঘিরে শুরু হয়েছে জোর জল্পনা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যেও উঠছে বড় প্রশ্ন—তবে কি ‘তলে তলে সেটিং’-এর পথে হাঁটছে বিজেপি?জেলার বিভিন্ন প্রান্তে শোনা যাচ্ছে, বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আসনে বিজেপি এখনও শক্তিশালী বা পরিচিত প্রার্থী দিতে পারেনি।

বরং অনেক ক্ষেত্রেই অপরিচিত মুখকে সামনে আনা হচ্ছে, যা নিয়ে নিচুতলার কর্মীদের মধ্যে অসন্তোষ বাড়ছে।সবচেয়ে বড় প্রশ্ন উঠছে ইসলামপুর ও হেমতাবাদ বিধানসভা কেন্দ্রকে ঘিরে।ইসলামপুরে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইলাল আগরওয়ালা-র বিরুদ্ধে এখনও পর্যন্ত কোনও প্রার্থী ঘোষণা করতে পারেনি বিজেপি।অন্যদিকে হেমতাবাদে রাজ্যের শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী তথা তৃণমূল প্রার্থী সত্যজিৎ বর্মন-এর বিরুদ্ধেও এখনও প্রার্থী দেয়নি গেরুয়া শিবির।এই দুই গুরুত্বপূর্ণ কেন্দ্রে বিজেপির এই নীরবতা স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে কৌতূহল বাড়াচ্ছে।জেলার রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে,“বিজেপির জেলা শীর্ষ নেতৃত্ব ইচ্ছাকৃতভাবেই কিছু আসনে প্রার্থী দিচ্ছে না বা দুর্বল প্রার্থী দিচ্ছে, যাতে ভবিষ্যতে শাসকদলের সঙ্গে সম্পর্ক ভালো রাখা যায়।”এই বক্তব্য ঘিরেই এখন জোরদার হচ্ছে ‘সেটিং তত্ত্ব’-এর আলোচনা। অনেকেই মনে করছেন, এই কৌশল যদি সত্যি হয়, তাহলে তা আগামী দিনে বিজেপির জন্য বড় রাজনৈতিক ক্ষতির কারণ হতে পারে।এদিকে, বিজেপির নিচুতলার কর্মীদের মধ্যে বাড়ছে অসন্তোষ। বহু কর্মীর অভিযোগ—“আমরা সারা বছর মানুষের পাশে থাকি, দলের জন্য কাজ করি। কিন্তু প্রার্থী বাছাইয়ের সময় আমাদের মতামত বা পরিশ্রমের কোনও মূল্য দেওয়া হয় না।”তাদের দাবি, বহু জায়গায় পরিচিত ও জনপ্রিয় মুখের পরিবর্তে হঠাৎ করে অপরিচিত প্রার্থী দেওয়া হচ্ছে, যা সংগঠনের ভিতকে দুর্বল করছে।সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয়, এই বিতর্ক নিয়ে এখনও পর্যন্ত বিজেপির জেলা বা রাজ্য নেতৃত্বের তরফে কোনও স্পষ্ট ব্যাখ্যা মেলেনি। এই নীরবতাই আরও বাড়িয়ে দিচ্ছে জল্পনা ও সন্দেহ।রাজনৈতিক মহলের একাংশ মনে করছে,এই পরিস্থিতি দ্রুত সামাল না দিলে নির্বাচনের আগেই সংগঠনের ভেতরে বিভাজন তৈরি হতে পারে, যা ভোটের ফলাফলেও প্রভাব ফেলতে পারে। এমনকি ‘সেটিং তত্ত্ব’ যদি কর্মীদের মনে গেঁথে যায়, তাহলে তা ভবিষ্যতে বিজেপির জন্য বুমেরাং হওয়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।সব মিলিয়ে, উত্তর দিনাজপুরে বিজেপির প্রার্থী বাছাই ঘিরে তৈরি হওয়া এই ধোঁয়াশা এখন জেলার রাজনীতির অন্যতম বড় আলোচনার বিষয়। আগামী দিনে দলীয় নেতৃত্ব কী অবস্থান নেয়, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।