ইসলামপুরে কংগ্রেসে বড় ধাক্কা! টাউন প্রেসিডেন্ট সহ একাধিক নেতা তৃণমূলে
ভোটের আবহে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে কংগ্রেসে বড়সড় ভাঙনের ছবি সামনে এল। কংগ্রেসের টাউন প্রেসিডেন্ট ও প্রদেশ কংগ্রেসের সদস্য সহ একাধিক নেতা এদিন আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইয়া লাল আগারওয়ালের হাত থেকে দলীয় পতাকা তুলে নিয়ে তারা তৃণমূলের পতাকাতলে সামিল হন।তৃণমূল কংগ্রেস সূত্রে জানা যায়, কংগ্রেসের টাউন প্রেসিডেন্ট সুদীপ দত্ত, ভাইস প্রেসিডেন্ট রাজকুমার পাল এবং সৈয়দ আহমেদ সহ বেশ কয়েকজন নেতা–কর্মী এদিন কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। এই যোগদানের ঘটনায় ইসলামপুরের রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।এ প্রসঙ্গে জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইয়া লাল আগারওয়াল বলেন,“কংগ্রেসের টাউন প্রেসিডেন্ট সুদীপ দত্ত, রাজকুমার পাল ও সৈয়দ আহমেদ আজ থেকে তৃণমূল কংগ্রেস পরিবারের সদস্য। তাদের যোগদানে সংগঠন আরও শক্তিশালী হবে।”

তিনি আরও জানান, ইসলামপুর টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি বাপি পাল চৌধুরীর নেতৃত্বে এলাকায় দলীয় সংগঠন আরও মজবুত হবে।এদিনের যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইয়া লাল আগারওয়াল, ইসলামপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান জ্যোতি দত্ত, ইসলামপুর টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি বাপি পাল চৌধুরী সহ অন্যান্য নেতা–কর্মীরা।অন্যদিকে সদ্য কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদানকারী সুদীপ দত্ত বলেন,“মা–মাটি–মানুষের সরকারের উন্নয়নের ধারাকে আরও ত্বরান্বিত করতে এবং মানুষের পাশে থেকে কাজ করার লক্ষ্যেই আমরা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছি।”ইসলামপুরে কংগ্রেসের একাধিক নেতার তৃণমূলে যোগদানকে ঘিরে জেলার রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। অনেকের মতে, এর ফলে ইসলামপুরে তৃণমূল কংগ্রেসের সংগঠন আরও শক্তিশালী হতে পারে।

