১৩ মার্চের ধর্মঘটের সমর্থনে ইসলামপুরে অবস্থান-বিক্ষোভ, ডিএ সহ একাধিক দাবিতে সরব কর্মী সংগঠন
আগামী ১৩ মার্চ যৌথ মঞ্চসহ বিভিন্ন কর্মী সংগঠনের ডাকা ধর্মঘটের সমর্থনে মঙ্গলবার ইসলামপুরে অবস্থান-বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) সহ একাধিক দাবিকে সামনে রেখে এই কর্মসূচির আয়োজন করা হয় বলে জানান সংগঠনের সদস্যরা।

এদিনের কর্মসূচিতে উপস্থিত থেকে নিখিল বঙ্গ শিক্ষক সমিতির ইসলামপুর জোন সম্পাদক জয়ন্ত দে বলেন, আগামী ১৩ মার্চের ধর্মঘটে অফিস-কাচারি, স্কুল-কলেজ বন্ধ রাখার আহ্বান জানানো হয়েছে। তাঁর দাবি, সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা সংক্রান্ত বিষয়ে সুপ্রিম কোর্টের যে রায় রয়েছে, তা অবিলম্বে কার্যকর করতে হবে।তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আন্দোলন চলছে, কিন্তু এখনও পর্যন্ত তার কোনও স্থায়ী সমাধান হয়নি। তাই দাবি আদায়ে আগামী ১৩ মার্চের ধর্মঘটকে সফল করার লক্ষ্যে আজ এই অবস্থান-বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।এদিনের কর্মসূচিতে যৌথ মঞ্চের সদস্যসহ বিভিন্ন কর্মী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এবং ধর্মঘটকে সফল করার আহ্বান জানান।

