রায়গঞ্জে আধুনিক বাস স্ট্যান্ডের কাজ তদারকিতে বিধায়ক কৃষ্ণ কল্যাণী, দ্রুত শেষের নির্দেশ

তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর, ১০ মার্চ:রায়গঞ্জ শহরের পরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক ও সুশৃঙ্খল করতে শিলিগুড়ি মোড় এলাকায় নির্মাণাধীন রায়গঞ্জ পৌর বাস স্ট্যান্ড পরিদর্শন করলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী।

মঙ্গলবার তিনি প্রকল্পের কাজের অগ্রগতি খতিয়ে দেখেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন।পরিদর্শনকালে বিধায়ক নির্মাণকাজের বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করে দ্রুত ও মানসম্মতভাবে প্রকল্পের কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের নির্দেশ দেন। তিনি জানান, এই আধুনিক বাস স্ট্যান্ড চালু হলে রায়গঞ্জ শহরের পরিবহন ব্যবস্থায় নতুন মাত্রা যোগ হবে এবং সাধারণ মানুষের যাতায়াত আরও সহজ ও সুশৃঙ্খল হয়ে উঠবে।এ প্রসঙ্গে বিধায়ক কৃষ্ণ কল্যাণী বলেন,“রায়গঞ্জবাসীর দীর্ঘদিনের দাবি ছিল একটি আধুনিক বাস স্ট্যান্ড। এই প্রকল্প সম্পূর্ণ হলে শহরের যানবাহন চলাচল আরও সুসংগঠিত হবে এবং সাধারণ মানুষের যাতায়াতে অনেক সুবিধা হবে। আমরা চাই দ্রুত এবং সঠিক মান বজায় রেখে কাজটি শেষ হোক, যাতে খুব শিগগিরই মানুষ এর সুবিধা পেতে পারেন।”তিনি আরও জানান, রায়গঞ্জের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে একাধিক পরিকাঠামোগত প্রকল্পে জোর দেওয়া হচ্ছে এবং এই বাস স্ট্যান্ড সেই উন্নয়নের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।নির্মাণকাজ দ্রুত সম্পন্ন হলে রায়গঞ্জবাসী একটি আধুনিক ও সুসংগঠিত বাস স্ট্যান্ডের সুবিধা পাবেন বলে আশাবাদী প্রশাসন ও স্থানীয় বাসিন্দারা।