ইসলামপুরে পান্জিপাড়া স্টেশনে ইন্টারসিটি এক্সপ্রেসের স্টপেজ শুরু, খুশির হাওয়া এলাকাজুড়ে

উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের পান্জিপাড়া রেলওয়ে স্টেশনে আজ থেকে নিউ জলপাইগুড়ি–মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেসের স্টপেজ চালু হলো। দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।স্টপেজ শুরুর প্রথম দিন স্টেশনে উপস্থিত ছিলেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের সাংসদ কার্তিক চন্দ্র পাল, বিজেপি নেতা গোলাম সরোবর সহ দলের অন্যান্য নেতা-কর্মী ও সাধারণ মানুষ। ট্রেনটি স্টেশনে পৌঁছনোর সঙ্গে সঙ্গে চালককে পুষ্পস্তবক দিয়ে অভ্যর্থনা জানানো হয় এবং শুভেচ্ছা বিনিময় করা হয়।

 

সাংসদ কার্তিক চন্দ্র পাল বলেন, “গোয়ালপোখর বিধানসভার অন্তর্গত পান্জিপাড়া স্টেশনে ইন্টারসিটি এক্সপ্রেসের স্টপেজ ছিল দীর্ঘদিনের দাবি। আজ তা বাস্তবায়িত হয়েছে। ভবিষ্যতে আরও ট্রেনের স্টপেজের দাবি রয়েছে। প্ল্যাটফর্ম সংক্রান্ত কিছু সমস্যা রয়েছে, সেগুলি মিটে গেলে আরও ট্রেন থামবে।”ইন্টারসিটি এক্সপ্রেসের এই নতুন স্টপেজ চালু হওয়ায় পান্জিপাড়া ও আশপাশের এলাকার যাত্রীদের যাতায়াত যেমন সহজ হবে, তেমনই এলাকার সার্বিক উন্নয়নের ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মত সাধারণ মানুষের।এই স্টপেজকে এলাকার মানুষের জন্য বড় প্রাপ্তি বলে উল্লেখ করে বিজেপি নেতা গোলাম সরোবর বলেন, “সাধারণ মানুষ বহুদিন ধরে এই ট্রেনের স্টপেজ চাইছিলেন। আজ সেই দাবি পূরণ হওয়ায় মানুষ সত্যিই খুশি।”