সুপ্রিম কোর্টে SIR প্রক্রিয়া নিয়ে প্রশ্নের ঝড়, একাধিক অভিযোগ তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি:সুপ্রিম কোর্টে বক্তব্য রাখতে গিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দেন, তিনি যে ঘটনাগুলি তুলে ধরছেন, সেগুলি কোনও অনুমান নয়—বরং শীর্ষস্থানীয় ও বহুল প্রচারিত সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্টের উপর ভিত্তি করেই তাঁর বক্তব্য।মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, ভোটার তালিকা সংশোধনের নামে চালু হওয়া SIR (Special Intensive Revision) কার্যত শুধুমাত্র নাম বাদ দেওয়ার একটি প্রক্রিয়ায় পরিণত হয়েছে। বিয়ের পর পদবি পরিবর্তন করা মহিলা,

বাড়ি বদল করা নাগরিক কিংবা ছোট ফ্ল্যাট কেনা মধ্যবিত্ত পরিবারের সদস্যদের নাম যথাযথ যাচাই ছাড়াই ভোটার তালিকা থেকে কেটে দেওয়া হচ্ছে। পরবর্তীতে এই অনিয়মকে “logical discrepancy” বা “incorrect mapping” বলে ব্যাখ্যা করা হচ্ছে, যা আদালতের নির্দেশের সরাসরি লঙ্ঘন বলে তিনি দাবি করেন।আধার কার্ডকে বৈধ নথি হিসেবে মান্যতা দেওয়ার আদালতের নির্দেশকে স্বাগত জানালেও, মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন—অন্যান্য রাজ্যে যেখানে ডোমিসাইল বা জাতিগত শংসাপত্র গ্রহণযোগ্য, সেখানে পশ্চিমবঙ্গে সেগুলি কেন মানা হল না?তিনি আরও অভিযোগ করেন, মাত্র তিন মাসের মধ্যে জোর করে এই SIR প্রক্রিয়া চাপিয়ে দেওয়ার ফলে পরিস্থিতি গুরুতর আকার নিয়েছে। তাঁর দাবি, এই সময়কালে ১০০-রও বেশি মানুষের মৃত্যু হয়েছে, BLO-দের প্রাণহানির ঘটনাও ঘটেছে এবং বহু মানুষ অসুস্থ হয়ে পড়েছেন।সুপ্রিম কোর্টের কাছে মুখ্যমন্ত্রী একটি গুরুত্বপূর্ণ ও জরুরি প্রশ্নও তোলেন—যদি সত্যিই ভোটার তালিকার সার্বিক সংস্কার প্রয়োজন হত, তবে সেই প্রক্রিয়া শুধুমাত্র পশ্চিমবঙ্গেই কেন কার্যকর করা হল? অসমের মতো রাজ্যে কেন SIR প্রক্রিয়া চালু করা হল না?এই মামলার শুনানিকে কেন্দ্র করে জাতীয় রাজনীতিতে নতুন করে আলোড়ন সৃষ্টি হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।