মালগাঁও গ্রাম পঞ্চায়েতের রায়নগরে পানীয় জলের উদ্বোধন, স্বস্তির নিঃশ্বাস গ্রামবাসীদের, উদ্বোধনে উপস্থিত কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়
তন্ময় চক্রবর্তী :-কালিয়াগঞ্জ বিধানসভার অন্তর্গত মালগাঁও গ্রাম পঞ্চায়েতের রায়নগর গ্রামে অবশেষে চালু হল বহুল প্রতীক্ষিত পানীয় জল পরিষেবা। বুধবার রায়নগর এলাকার বুথ নং ১৮৮-তে আনুষ্ঠানিকভাবে এই পানীয় জল প্রকল্পের উদ্বোধন করেন কালিয়াগঞ্জের বিজেপি বিধায়ক শ্রী সৌমেন রায়।দীর্ঘদিন ধরে বিশুদ্ধ পানীয় জলের অভাবে ভোগান্তির শিকার হচ্ছিলেন রায়নগর এলাকার সাধারণ মানুষ। গ্রীষ্মকালে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠত। সেই সমস্যার সমাধানে এই পানীয় জল প্রকল্প চালু হওয়ায় খুশির হাওয়া গ্রাম জুড়ে।উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক সৌমেন রায় বলেন,“পানীয় জল মানুষের ন্যূনতম প্রয়োজন।
এই পরিষেবা নিশ্চিত করা জনপ্রতিনিধি হিসেবে আমার দায়িত্ব। রায়নগরের মানুষ দীর্ঘদিন ধরে যে সমস্যার কথা জানিয়ে আসছিলেন, আজ তার বাস্তব সমাধান হল। আমি কথা দিই, কালিয়াগঞ্জ বিধানসভার প্রতিটি এলাকায় প্রয়োজনীয় উন্নয়নমূলক কাজ ধারাবাহিকভাবে চালিয়ে যাব।”পানীয় জল প্রকল্প চালু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। রায়নগরের এক গ্রামবাসী বলেন,“অনেক বছর ধরে পানীয় জলের জন্য সমস্যায় পড়তে হয়েছে। আজ এই পরিষেবা চালু হওয়ায় খুব উপকার হবে। বিধায়ক নিজে এসে উদ্বোধন করায় আমরা খুশি।”আরেক বাসিন্দার বক্তব্য,“আগে দূর থেকে জল আনতে হত, বিশেষ করে গরমকালে খুব কষ্ট হতো। এখন আমাদের এলাকায় জল পাওয়া যাবে, এতে দৈনন্দিন জীবন অনেক সহজ হবে।”এই পানীয় জল প্রকল্প চালু হওয়ার ফলে রায়নগর গ্রামের জীবনযাত্রার মান আরও উন্নত হবে বলে মনে করছেন এলাকার মানুষ। আগামী দিনে এলাকায় আরও উন্নয়নমূলক কাজ হবে—এমনটাই আশাবাদ গ্রামবাসীদের।
