কেন্দ্রীয় বাজেটে উত্তর দিনাজপুর বঞ্চিত—শিল্প, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, ট্যুরিজমে হতাশা: মোহিত সেনগুপ্ত


তন্ময় চক্রবর্তী :– নতুন আর্থিক বছরের কেন্দ্রীয় বাজেট ঘোষণার পরই উত্তর দিনাজপুর জেলা নিয়ে চরম হতাশা প্রকাশ করলেন রায়গঞ্জের প্রাক্তন বিধায়ক তথা উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেন গুপ্ত। তাঁর অভিযোগ, এই বাজেটে সামগ্রিকভাবে উত্তর দিনাজপুর জেলার জন্য কার্যত কোনও বরাদ্দই রাখা হয়নি।মোহিত সেন গুপ্ত বলেন, “বাজেটে ট্যুরিজম নিয়ে কাজ করার কথা বলা হলেও উত্তর দিনাজপুরের ক্ষেত্রে তার কোনও স্পষ্ট রূপরেখা নেই। কুলিক নদী—যা জেলার অন্যতম গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ ও পর্যটন সম্ভাবনার কেন্দ্র—তার পুনরুজ্জীবন নিয়ে বাজেটে কোনও আশার কথা বলা হয়নি।

শ্রীমতি নদীর অবস্থা আরও করুণ, অথচ নদী সংস্কার নিয়ে একটিও শব্দ নেই।”তিনি আরও জানান, মেডিক্যাল ট্যুরিজম নিয়ে সাধারণ আলোচনা থাকলেও রায়গঞ্জে এইমস বা উন্নত মানের কোনও মেডিক্যাল শিক্ষা ও চিকিৎসা পরিকাঠামো গড়ে তোলার বিষয়ে বাজেট সম্পূর্ণ নীরব। “এতে জেলার স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নের সম্ভাবনা কার্যত মুখ থুবড়ে পড়েছে,” মন্তব্য তাঁর।

শিক্ষাক্ষেত্রেও চরম অবহেলার অভিযোগ তুলে জেলা কংগ্রেস সভাপতি বলেন, “উত্তর দিনাজপুরে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ বা হসপিটালিটি ম্যানেজমেন্ট ইনস্টিটিউট গড়ে তোলার বিষয়ে বাজেটে কোনও ঘোষণা নেই। অথচ জেলার বিভিন্ন প্রান্তে প্রতিনিয়ত নতুন হোটেল ও রেস্তোরাঁ গড়ে উঠছে, কিন্তু প্রশিক্ষিত কর্মীর অভাবে সমস্যায় পড়ছেন উদ্যোক্তারা। ফলে জেলার ছেলে-মেয়েদের বাধ্য হয়ে বাইরে গিয়ে পড়াশোনা করতে হচ্ছে।”শিল্প, কৃষি ও কর্মসংস্থান নিয়েও বাজেটকে সম্পূর্ণ দিশাহীন বলে আখ্যা দেন মোহিত সেন গুপ্ত। তাঁর বক্তব্য, “পিছিয়ে পড়া উত্তর দিনাজপুর জেলার জন্য এই বাজেটে না শিল্পের রূপরেখা আছে, না কৃষির উন্নয়নের পরিকল্পনা, না শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবার ভবিষ্যৎ। ট্যুরিজম নিয়েও বাস্তবসম্মত কোনও উদ্যোগ নেই।”সব মিলিয়ে, কেন্দ্রের এই বাজেট উত্তর দিনাজপুর জেলার মানুষের আশা-আকাঙ্ক্ষাকে সম্পূর্ণভাবে উপেক্ষা করেছে বলেই দাবি জেলা কংগ্রেস নেতৃত্বের।