কবে শেষ হবে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের কাজ? সাধারণ মানুষের প্রশ্নের মুখে প্রশাসন

কালিয়াগঞ্জ:কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের চলমান নির্মাণ ও সংস্কার কাজ নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্রমশ বাড়ছে ক্ষোভ ও উদ্বেগ। দীর্ঘদিন ধরে হাসপাতাল চত্বরে কাজ চললেও এখনও পর্যন্ত তা সম্পূর্ণ না হওয়ায় প্রতিদিন সমস্যার মুখে পড়তে হচ্ছে রোগী ও তাঁদের পরিবারের সদস্যদের।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আধুনিকীকরণ ও পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে হাসপাতালের কাজ শুরু হলেও নির্দিষ্ট সময়সীমার মধ্যে কাজ শেষ না হওয়ায় চিকিৎসা পরিষেবা ব্যাহত হচ্ছে। বিশেষ করে বয়স্ক, অন্তঃসত্ত্বা মহিলা ও দূরদূরান্ত থেকে আসা রোগীদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।রোগীদের একাংশ জানিয়েছেন, পর্যাপ্ত বেড, পরিষ্কার-পরিচ্ছন্ন ওয়ার্ড, আধুনিক চিকিৎসা সরঞ্জাম এবং জরুরি পরিষেবার অভাবে তাঁদের বাধ্য হয়ে বাইরে বেসরকারি নার্সিংহোমে যেতে হচ্ছে।

 

এতে বাড়ছে চিকিৎসার খরচ, পাশাপাশি সময়মতো চিকিৎসা না পাওয়ার আশঙ্কাও দেখা দিয়েছে।স্থানীয় নাগরিকদের প্রশ্ন—কবে শেষ হবে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের কাজ? আদৌ কি নির্ধারিত সময়ের মধ্যে পরিষেবা পুরোপুরি চালু করা সম্ভব হবে? দ্রুত কাজ শেষ করে হাসপাতালের পরিকাঠামো উন্নত করা না হলে ভবিষ্যতে পরিস্থিতি আরও গুরুতর হয়ে উঠতে পারে বলেও মত সাধারণ মানুষের।এই বিষয়ে স্বাস্থ্য দফতর ও সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও স্পষ্ট সময়সীমা জানানো হয়নি বলে অভিযোগ। তবে সাধারণ মানুষের দাবি, দ্রুততার সঙ্গে কাজ শেষ করে হাসপাতালকে পূর্ণাঙ্গ পরিষেবা উপযোগী করে তোলা হোক।কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতাল এলাকার হাজার হাজার মানুষের ভরসার অন্যতম কেন্দ্র। তাই কাজ শেষের নির্দিষ্ট দিন ঘোষণা ও কাজের অগ্রগতি নিয়ে প্রশাসনের স্বচ্ছতা এখন সময়ের দাবি বলে মনে করছেন সাধারণ নাগরিকরা।