রাস্তা পার হতে গিয়েই মর্মান্তিক পরিণতি! বাইকের ধাক্কায় প্রাণ গেল ৭২ বছরের বৃদ্ধার, শোকের ছায়া কালিয়াগঞ্জে
রাস্তা পার হতে গিয়েই মর্মান্তিক দুর্ঘটনা। দ্রুতগতির বাইকের ধাক্কায় গুরুতর জখম হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হল এক বৃদ্ধার। ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে কালিয়াগঞ্জের নসিরহাট এলাকায়। মৃতার নাম সুকো বর্মন, বয়স আনুমানিক ৭২ বছর।পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে নসিরহাট এলাকায় রাস্তা পার হচ্ছিলেন সুকো বর্মন। সেই সময় আচমকাই একটি বাইক তাঁকে জোরে ধাক্কা মারে। বাইকের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে গুরুতর জখম হন তিনি। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে উদ্ধার করে কালিয়াগঞ্জ হাসপাতালে নিয়ে যান।
সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে মৃত্যু হয় বৃদ্ধার।মর্মান্তিক এই দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই নসিরহাট এলাকায় শোকের আবহ তৈরি হয়। প্রতিবেশী গৌরাঙ্গ দাস বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আচমকা এমন দুর্ঘটনায় এলাকায় শোক নেমে এসেছে। সকলেই এই ঘটনায় মর্মাহত।এদিকে ঘটনার খবর পেয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। শনিবার মৃতদেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। কীভাবে দুর্ঘটনাটি ঘটল এবং বাইকটির গতি কত ছিল, তা-সহ গোটা বিষয় খতিয়ে দেখছে পুলিশ।একটি অসাবধান মুহূর্তেই প্রাণ হারালেন পরিবারের এক প্রবীণ সদস্য। দুর্ঘটনার পর এলাকায় ফের প্রশ্ন উঠেছে, ব্যস্ত রাস্তায় পথচারীদের নিরাপত্তা এবং যানবাহনের গতি নিয়ন্ত্রণ নিয়ে।
