রায়গঞ্জ ও ইসলামপুরে ভোট গণনা প্রস্তুতি চূড়ান্ত—টেবিল, কর্মী ও নিরাপত্তায় কড়া নজর জেলাপ্রশাসনের

তন্ময় চক্রবর্তী :-উত্তর দিনাজপুর জেলায় আসন্ন ভোট গণনাকে কেন্দ্র করে জোরকদমে প্রস্তুতি সম্পন্ন করছে প্রশাসন। জেলার দুটি প্রধান গণনা কেন্দ্র—রায়গঞ্জ পলিটেকনিক কলেজ ও ইসলামপুর কলেজে যাবতীয় আয়োজন প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।ইসলামপুর কলেজে চোপড়া, ইসলামপুর, গোয়ালপোখর ও চাকুলিয়া—এই চারটি বিধানসভা কেন্দ্রের জন্য প্রতিটিতে ১৮টি করে ইভিএম গণনার টেবিল রাখা হয়েছে। পাশাপাশি, পোস্টাল ব্যালট গণনার জন্য প্রতিটি বিধানসভায় থাকছে ৩টি করে পৃথক টেবিল।

অন্যদিকে, রায়গঞ্জ পলিটেকনিক কলেজে করণদিঘি ও হেমতাবাদ বিধানসভার জন্য থাকছে ২০টি করে ইভিএম টেবিল। এছাড়া কালিয়াগঞ্জে ২২টি, রায়গঞ্জে ১৬টি এবং ইটাহারে ১৮টি ইভিএম গণনার টেবিল নির্ধারিত হয়েছে।পোস্টাল ব্যালট গণনার ক্ষেত্রেও আলাদা ব্যবস্থা রাখা হয়েছে—করণদিঘি ও রায়গঞ্জে ৪টি করে টেবিল এবং বাকি তিনটি বিধানসভায় ৩টি করে টেবিল থাকবে।

এছাড়াও জেলার মোট ৯টি বিধানসভার প্রতিটির জন্য একটি করে পৃথক ভিভিপ্যাট গণনার টেবিল রাখা হচ্ছে, যাতে গণনা প্রক্রিয়া আরও স্বচ্ছ ও নির্ভুল হয়।এই বিশাল গণনা প্রক্রিয়া পরিচালনার জন্য মোট ১৯০ জন কাউন্টিং সুপারভাইজার এবং ২২৮ জন কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট নিযুক্ত থাকবেন। প্রতিটি টেবিলে একজন করে মাইক্রো অবজারভার থাকবেন এবং প্রতিটি কাউন্টিং হলে একজন করে সহকারী রিটার্নিং অফিসার (এ.আর.ও) উপস্থিত থাকবেন।প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, গণনা প্রক্রিয়ায় যুক্ত কর্মীদের দক্ষতা বাড়াতে দু’দফা প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে প্রথম দফার প্রশিক্ষণ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে কর্ণজোড়া অডিটোরিয়াম এবং ইসলামপুরের স্কলার বিদ্যালয়ে।সব মিলিয়ে, শান্তিপূর্ণ ও স্বচ্ছ ভোট গণনা নিশ্চিত করতে কোনও রকম খামতি রাখতে চাইছে না জেলাপ্রশাসন।ইসলামপুর কলেজে গণনা সম্পন্ন করতে প্রয়োজন হবে – ১৮ থেকে ২০ রাউন্ড, রায়গঞ্জ পলিটেকনিক কলেজে ১৪ থেকে ১৫ রাউন্ড।