*রায়গঞ্জে সফলভাবে সম্পন্ন নরেন্দ্র কাপ মহিলা ফুটবল টুর্নামেন্ট ২০২৫, নারীশক্তির ক্রীড়া উৎসব

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,উত্তর দিনাজপুর২৪ডিসেম্বর:“শরীরমাদ্যং খলু ধর্মসাধনম্”—এই আদর্শকে সামনে রেখে মঙ্গলবার সারাদিন ব্যাপী রায়গঞ্জের দক্ষিণ সিধু-কানহু আদিবাসী মার্শাল ক্লাব ফুটবল ময়দানে সফলভাবে অনুষ্ঠিত হল নরেন্দ্র কাপ মহিলা ফুটবল টুর্নামেন্ট – ২০২৫। মহিলা ক্রীড়াবিদদের প্রতিভা বিকাশ ও খেলাধুলার মাধ্যমে সুস্থ সমাজ গঠনের লক্ষ্যে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। জেলার পাশাপাশি আশপাশের বিভিন্ন অঞ্চল থেকে আগত একাধিক মহিলা ফুটবল দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

 

প্রতিটি ম্যাচেই খেলোয়াড়দের ক্রীড়ানৈপুণ্য, শৃঙ্খলা ও লড়াকু মানসিকতা দর্শকদের মুগ্ধ করে তোলে। এই প্রসঙ্গে উত্তর দিনাজপুর জেলা বিজেপি সভাপতি নিমাই কবিরাজ বলেন, “মহিলা ক্রীড়ার বিকাশে এই ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। খেলাধুলার মাধ্যমে নারীরা যেমন শারীরিকভাবে সক্ষম হচ্ছেন, তেমনই আত্মবিশ্বাসী হয়ে সমাজের মূলস্রোতে আরও শক্তভাবে নিজেদের জায়গা করে নিচ্ছেন। নরেন্দ্র কাপ মহিলা ফুটবল টুর্নামেন্ট সেই দিক থেকে এক গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত।” অন্যদিকে, খেলার উদ্যোক্তা কেশবানন্দ পাল বলেন, “এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্য ছিল গ্রাম ও মফস্বলের প্রতিভাবান মহিলা ফুটবলারদের সামনে আসার সুযোগ করে দেওয়া। খেলাধুলার মাধ্যমে সুস্থ সমাজ গড়ে তোলা ও নারীশক্তিকে এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য। সকলের সহযোগিতায় এই আয়োজন সফলভাবে সম্পন্ন হওয়ায় আমরা আনন্দিত।” উল্লেখ্য, রায়গঞ্জে এই ধরনের মহিলা ফুটবল টুর্নামেন্ট ঘিরে ক্রীড়াপ্রেমী মহলে ব্যাপক উৎসাহ ও সাড়া লক্ষ্য করা গিয়েছে। সফল আয়োজনের জন্য আয়োজক সমিতির পক্ষ থেকে সকল অংশগ্রহণকারী দল ও দর্শকদের ধন্যবাদ জানানো হয়।