মাহে রমজান উপলক্ষে করণদিঘীতে বিশাল ইফতার মাহফিল, বিধায়ক গৌতম পাল  এর উদ্যোগে 

উত্তর দিনাজপুর জেলার করণদিঘীতে মাহে রমজান উপলক্ষে সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দিতে এক বিশাল রোজা ইফতার মাহফিলের আয়োজন করা হল।

করণদিঘী কিষান মান্ডি মাঠে অনুষ্ঠিত এই ইফতার মাহফিলের উদ্যোগ নেন করণদিঘী বিধানসভার বিধায়ক গৌতম পাল।

 রমজানের পবিত্র মাসে আয়োজিত এই অনুষ্ঠানে ধর্ম-বর্ণ নির্বিশেষে বহু মানুষ উপস্থিত হয়ে একসঙ্গে ইফতার গ্রহণ করেন।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রায় ২০ হাজারেরও বেশি মানুষ এই ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন। ফলে পুরো এলাকা এক উৎসবমুখর পরিবেশে পরিণত হয় এবং সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হয়।এই ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি পম্পা পাল, করণদিঘীর বিধায়ক গৌতম পাল, ১৩ নম্বর জেলা পরিষদের সদস্য আব্দুল রহিম, ১৪ নম্বর জেলা পরিষদের সদস্য কৃষ্ণা সিংহ রায় চৌধুরী, করণদিঘী ব্লকের বিভিন্ন অঞ্চলের প্রধান ও সদস্যরা, তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব, বিভিন্ন জনপ্রতিনিধি, সমাজসেবী এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেলা সভাপতি পম্পা পাল বলেন, রমজান মাস মানুষের মধ্যে আত্মসংযম, সহমর্মিতা এবং ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। এই ধরনের ইফতার মাহফিল মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্যের বন্ধনকে আরও শক্তিশালী করে। তিনি বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার—এই ভাবনাকেই সামনে রেখে আমরা সবাই একসাথে ইফতার ভাগ করে নিচ্ছি।”

করণদিঘীর বিধায়ক গৌতম পাল বলেন, রমজান মাস শান্তি, সংযম ও মানবতার বার্তা দেয়। সেই বার্তাকে সামনে রেখেই এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। তিনি আরও বলেন, “এই ধরনের আয়োজনের মাধ্যমে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির সম্পর্ক আরও দৃঢ় হয়। আগামী দিনেও এই সম্প্রীতির পরিবেশ বজায় রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

এছাড়াও জেলা পরিষদের সদস্য আব্দুল রহিম বলেন, রমজান শুধু মুসলিম সম্প্রদায়ের জন্য নয়, মানবতার জন্য এক বড় শিক্ষা। এই মাস মানুষকে একে অপরের পাশে দাঁড়াতে শেখায়।

অন্যদিকে জেলা পরিষদের সদস্য কৃষ্ণা সিংহ রায় চৌধুরী বলেন, করণদিঘীতে এভাবে হাজার হাজার মানুষ একসাথে ইফতার করা সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল উদাহরণ।

অনুষ্ঠানের শেষে সকলের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয় এবং ধর্মীয় আচার পালনের মধ্য দিয়ে শান্তি ও সম্প্রীতির বার্তা দেওয়া হয়। বিশাল এই ইফতার মাহফিল ঘিরে করণদিঘী জুড়ে এক আনন্দঘন ও সম্প্রীতির পরিবেশ সৃষ্টি হয়।