মহেন্দ্রগঞ্জে ৬৪ প্রহর নাম যজ্ঞে ভক্তির জোয়ার, বৃন্দাবন থেকে এসে উপস্থিত মহারাজ হিরণ্ময় গোস্বামী


উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের মহেন্দ্রগঞ্জে ৬৪ প্রহর নাম যজ্ঞ সমিতির পরিচালনায় আট দিনব্যাপী বিরাট নাম যজ্ঞ অনুষ্ঠানের সূচনা হয়েছে। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ভক্তিতে ভরপুর এই অনুষ্ঠানে প্রতিদিনই বহু দূর-দূরান্ত থেকে ভক্তরা এসে অংশ নিচ্ছেন মহানাম সংকীর্তনে।নাট মন্দির প্রাঙ্গণে নাম যজ্ঞকে কেন্দ্র করে বিশাল মেলার আয়োজন করা হয়েছে।

নাম সংকীর্তনের ধ্বনিতে মুখরিত গোটা মহেন্দ্রগঞ্জ এলাকা। এই ভক্তিময় পরিবেশের মাঝেই এদিন বিশেষ আকর্ষণ হয়ে ওঠে বৃন্দাবন থেকে আগত মহারাজ হিরণ্ময় গোস্বামীর উপস্থিতি।কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যেই মহারাজ হিরণ্ময় গোস্বামী বেশ কিছুক্ষণ ধরে নাম যজ্ঞ শোনেন এবং মন্দির প্রাঙ্গণ ঘুরে ঘুরে দেখেন। তাঁকে এক নজর দেখার জন্য ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।এদিন মহারাজ হিরণ্ময় গোস্বামী বলেন,“নাম সংকীর্তন মানুষের অন্তরকে শুদ্ধ করে এবং জীবনে শান্তি ও আনন্দ এনে দেয়।

মহেন্দ্রগঞ্জের এই নাম যজ্ঞে এসে ভক্তদের একাগ্রতা ও নিষ্ঠা দেখে আমি অভিভূত। এই ধরনের ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে সমাজে ভ্রাতৃত্ব ও মানবিকতার বন্ধন আরও দৃঢ় হয়।”অন্যদিকে, মহেন্দ্রগঞ্জ ৬৪ প্রহর নাম যজ্ঞ সমিতির সম্পাদক প্রকাশ কুন্ডু বলেন,“দীর্ঘদিনের ঐতিহ্য মেনে প্রতিবছর আমরা এই নাম যজ্ঞের আয়োজন করে থাকি। এই বছর আট দিনব্যাপী অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি ভিনরাজ্য থেকেও ভক্তরা আসছেন। সকলের সহযোগিতাতেই শান্তিপূর্ণভাবে নাম যজ্ঞ ও মেলার আয়োজন করা সম্ভব হয়েছে।”তিনি আরও জানান, ভক্তদের সুবিধার কথা মাথায় রেখে নিরাপত্তা, পানীয় জল ও অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থার দিকেও বিশেষ নজর দেওয়া হয়েছে।সব মিলিয়ে, মহেন্দ্রগঞ্জের ৬৪ প্রহর নাম যজ্ঞ অনুষ্ঠান ধর্মপ্রাণ মানুষের কাছে এক মহামিলনক্ষেত্রে পরিণত হয়েছে। নাম সংকীর্তনের মধ্য দিয়ে ভক্তি ও সম্প্রীতির বার্তায় মুখর হয়ে উঠেছে গোটা এলাকা।