মমতার নতুন গান – ‘ এক মুঠো ফুল দাও না মাগো ‘ প্রকাশ পেলো দশমীতে

একেই বলে গানের জোয়ার। পূজকে সামনে রেখে মুখ্যমন্ত্রীর বই ও একাধিক গান প্রকাশ পেয়েছে। দশমীতে গভীর বিষন্নতার মধ্যে গানের মধ্য দিয়ে সকলকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী। ‘এক মুঠো ফুল দাও না মাগো…’, বাংলার মানুষকে বিজয়া দশমীর শুভেচ্ছা জানিয়ে নিজের লেখা ও সুর করা আরও একটি গান প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সেই গান সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি। নতুন গানটি গেয়েছেন জিৎ গঙ্গোপাধ্যায়। বাতাসে বিষাদের সুর। উমার ফিরে যাওয়ার সময়ে মন খারাপ সকলের। ফের এক বছরের অপেক্ষা। এই আবহে এক্স হ্যান্ডেলে নতুন গানের প্রথম লাইন প্রকাশ করে রাজ্যের প্রশাসনিক প্রধান লেখেন, ‘এক মুঠো ফুল দাও না মাগো এক মুঠো ফুল দাও…..’।

সঙ্গে তিনি লিখলেন -‘সকলকে জানাই বিজয়া দশমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এই উপলক্ষে আপনাদের সবার সঙ্গে আমার লেখা ও সুর করা এবং জিৎ গাঙ্গুলীর গাওয়া আরও একটি পুজোর নতুন গান শেয়ার করে নিচ্ছি।’ উৎসবের আবহেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন এইবার পুজোয় প্রায় তাঁর লেখা ও সুর করা ১৭টি গান মুক্তি পাবে। সেই মতো অনেকগুলি গান তিনি তাঁর সোশাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করেছেন। দশমীর দিন মুখ্যমন্ত্রীর নতুন গান অন্য মাত্রা যোগ করেছে।