“মডেল ব্লকের দাবি রব্বানির, ‘উন্নয়ন হয়নি’ পাল্টা তোপ বিরোধীদের—গোয়ালপোখরে ভোটের আগে তুমুল তরজা”


উত্তর দিনাজপুরের গোয়ালপোখর বিধানসভা কেন্দ্রকে ঘিরে ভোটের আগেই শুরু হয়েছে উন্নয়ন বনাম বঞ্চনার জোরদার রাজনৈতিক লড়াই। বিদায়ী বিধায়ক তথা তৃণমূল কংগ্রেস প্রার্থী গোলাম রব্বানির দাবি, গত ১৫ বছরে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুফলে গোয়ালপোখর এখন কার্যত “মডেল ব্লক”-এ পরিণত হয়েছে। যদিও এই দাবিকে সম্পূর্ণ অস্বীকার করেছে বিরোধী শিবির।রব্বানির বক্তব্য, একসময় রাজ্যের সবচেয়ে পিছিয়ে থাকা ব্লকগুলির মধ্যে অন্যতম ছিল গোয়ালপোখর। কিন্তু ধারাবাহিক উন্নয়নমূলক কাজের ফলে সেই চিত্র অনেকটাই বদলেছে। তাঁর দাবি, এলাকায় আইটিআই, মডেল মাদ্রাসা, পাওয়ার স্টেশন, দমকল কেন্দ্র, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও কনফারেন্স হলের মতো গুরুত্বপূর্ণ প্রকল্প গড়ে উঠেছে।

পাশাপাশি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের উদ্যোগে পিতানু নদীর উপর সেতু নির্মাণ এবং আরও একটি সেতুর কাজ চলার ফলে দুই ব্লকের হাজার হাজার মানুষের যাতায়াত সহজ হয়েছে।তিনি আরও জানান, বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের প্রতিটি টাকা মানুষের কল্যাণে খরচ করা হয়েছে। কৃষিক্ষেত্রে উন্নতির জন্য সাবমার্সিবল পাম্প বসানো, হাট-বাজার ও রাস্তায় সোলার লাইট স্থাপন, এমনকি ১৬টি হিমঘর নির্মাণের মাধ্যমে চাষিদের সংরক্ষণ সুবিধাও বাড়ানো হয়েছে।তবে এই উন্নয়নের ছবিকে ‘বাস্তব থেকে বিচ্ছিন্ন’ বলেই দাবি করছে বিরোধীরা। বিজেপি প্রার্থী সরজিৎ বিশ্বাসের অভিযোগ, সাধারণ মানুষের জীবনে তেমন কোনো পরিবর্তন আসেনি। তাঁর মতে, “উন্নয়ন হয়েছে শুধু মন্ত্রী ও তাঁর ঘনিষ্ঠদের, সাধারণ মানুষ এখনও বঞ্চিত।”একই সুরে কংগ্রেস নেতা নাসিম এহসানও প্রশ্ন তুলেছেন রব্বানির কাজের উপর। তাঁর দাবি, দীর্ঘদিন মন্ত্রী থাকা সত্ত্বেও এলাকায় একটি কলেজ, বড় হাসপাতাল বা বালিকা বিদ্যালয় গড়ে তোলা হয়নি। এমনকি শ্রম দপ্তরের দায়িত্বে থেকেও কর্মসংস্থানের ক্ষেত্রে কোনো উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি, ফলে এখনও বহু যুবক কাজের সন্ধানে ভিনরাজ্যে পাড়ি দিচ্ছেন।সব মিলিয়ে, গোয়ালপোখরে উন্নয়ন নিয়ে শাসক-বিরোধী দ্বন্দ্ব এখন নির্বাচনের অন্যতম প্রধান ইস্যু হয়ে উঠেছে। ভোটাররা শেষ পর্যন্ত কার দাবিকে বিশ্বাস করবেন, সেটাই এখন দেখার।