বিশ্বকাপ ফাইনালের উন্মাদনায় বালুরঘাটে মহিলা ফুটবল টুর্নামেন্ট, মাঠে জেলার বিভিন্ন প্রান্তের ফুটবলাররা
আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরই ফুটবল বিশ্বের সবচেয়ে বড় লড়াই, বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। সেই বিশ্বকাপের উন্মাদনাকেই আরও কাছ থেকে অনুভব করতে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে আয়োজন করা হল এক অভিনব মহিলা ফুটবল টুর্নামেন্ট।রবিবার বালুরঘাটের ফ্রেন্ডস ইউনিয়ন ময়দানে বালুরঘাট ফুটবল একাডেমির উদ্যোগে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা।জেলার বিভিন্ন প্রান্তের একাধিক ফুটবল একাডেমির মহিলা দল এতে অংশ নেয়। কুমারগঞ্জ, তপন, হিলি, বালুরঘাট-সহ জেলার বিভিন্ন এলাকার মহিলা ফুটবলাররা মাঠে নেমে নিজেদের দক্ষতার পরিচয় দেন।উদ্যোক্তাদের দাবি, জেলায় মহিলা ফুটবলের প্রসার ঘটানো এবং ফুটবলারদের আরও বেশি প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার সুযোগ করে দিতেই এই উদ্যোগ।
একই সঙ্গে বিশ্বকাপ ফাইনালের আবহকে উদযাপন করাও ছিল এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য।বালুরঘাট ফুটবল একাডেমির পক্ষ থেকে শুভজিৎ দাস জানান, “জেলার বিভিন্ন প্রান্তে অনেক প্রতিভাবান মহিলা ফুটবলার রয়েছেন। কিন্তু তাঁদের নিয়মিত প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার সুযোগ খুবই সীমিত। সেই সুযোগ করে দিতেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। পাশাপাশি বিশ্বকাপ ফাইনালের দিনটিকেই আমরা ইচ্ছাকৃতভাবে বেছে নিয়েছি, যাতে ফুটবল উৎসবের আবহের মধ্যেই খেলোয়াড় ও দর্শকরা এই আনন্দ ভাগ করে নিতে পারেন।”এই প্রতিযোগিতার মাধ্যমে জেলার মহিলা ফুটবলারদের উৎসাহিত করার পাশাপাশি ফুটবলের প্রতি নতুন প্রজন্মের আগ্রহ আরও বাড়বে বলেও আশাবাদী উদ্যোক্তারা।

