“বিজেপির মন্ত্রিসভায় উত্তর দিনাজপুরের মুখ কে? জেলাজুড়ে তুমুল জল্পনা, মন্ত্রী হিসেবে এগিয়ে উৎপল মহারাজ না কৌশিক চৌধুরী!”

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই উৎসবের আবহ উত্তর দিনাজপুর জেলাজুড়ে। বহু মানুষ গঙ্গাস্নান করে নতুন সরকারের সূচনাকে স্বাগত জানিয়েছেন। মানুষের মুখে এখন একটাই কথা— “ভয়মুক্ত বাংলায় নতুন ভরসার সরকার।” আর সেই আবহের মধ্যেই সবচেয়ে বড় জল্পনা শুরু হয়েছে বিজেপির আসন্ন মন্ত্রিসভা ঘিরে।

উত্তর দিনাজপুর জেলা থেকে এবার বিজেপির চারজন বিধায়ক নির্বাচিত হয়েছেন। তাঁরা হলেন রায়গঞ্জের কৌশিক চৌধুরী, কালিয়াগঞ্জের উৎপল মহারাজ, হেমতাবাদের হরিপদ বর্মন এবং করণদীঘির বিরাজ বিশ্বাস। এই চারজনের মধ্যে কে মন্ত্রিসভায় জায়গা পাবেন, তা নিয়েই এখন উত্তেজনা তুঙ্গে জেলার রাজনৈতিক মহলে।জেলার বিভিন্ন প্রান্তে, হাটে-বাজারে, চায়ের দোকানে এখন একটাই আলোচনা— “উত্তর দিনাজপুর থেকে কাকে মন্ত্রী করা হবে?” সাধারণ মানুষের একাংশের দাবি, এবার জেলার উন্নয়নের স্বার্থে একজন যোগ্য ও জনপ্রিয় মুখকে মন্ত্রিত্ব দেওয়া উচিত।কালিয়াগঞ্জের মহেন্দ্রগঞ্জ এলাকার একটি চায়ের দোকানে স্থানীয় বাসিন্দা আশীষ সরকার বলেন,“উৎপল মহারাজ অত্যন্ত জনপ্রিয় এবং কাজের মানুষ। ওনাকে মন্ত্রীর দায়িত্ব দিলে কালিয়াগঞ্জ ব্লকের ব্যাপক উন্নয়ন হবে বলেই আমরা মনে করি।”অন্যদিকে রায়গঞ্জ শহরের শিলিগুড়ি মোড় এলাকায় শিবাজী রায় বলেন,“দীর্ঘদিন ধরে রায়গঞ্জ কোনও মন্ত্রী পায়নি। কৌশিক চৌধুরী অত্যন্ত ভদ্র ও মানুষের পাশে থাকা নেতা। তাঁকে মন্ত্রী করা হলে রায়গঞ্জের মানুষ খুশি হবে।”শুধু রাজনৈতিক মহল নয়, সাধারণ মানুষের মধ্যেও এখন কৌতূহল তুঙ্গে। নতুন সরকারের প্রথম মন্ত্রিসভায় উত্তর দিনাজপুরের কোন মুখ স্থান পায়, সেদিকেই তাকিয়ে গোটা জেলা।