প্রতিবন্ধীদের ভাতা নয়, কর্মসংস্থানের সুযোগ দিন — স্কিল ডেভেলপমেন্ট প্রশিক্ষণের দাবিতে সরব সম্মিলনী প্রতিবন্ধী সমিতি
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ | ২৫ জুনসমাজের পিছিয়ে পড়া প্রতিবন্ধী মানুষদের স্বনির্ভর করে তুলতে বিশেষ স্কিল ডেভেলপমেন্ট প্রশিক্ষণের ব্যবস্থা এবং কর্মসংস্থানের সুযোগ তৈরির দাবি জানাল সম্মিলনী প্রতিবন্ধী সমিতি। বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের মহেন্দ্রগঞ্জ পিডিজি ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই দাবি তুলে ধরেন সমিতির জেলা সম্পাদক উত্তম গুহ।
তিনি বলেন, শুধুমাত্র ভাতার উপর নির্ভরশীল না করে প্রতিবন্ধী ব্যক্তিদের দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ দিলে তাঁরা নিজেদের পায়ে দাঁড়াতে পারবেন এবং সম্মানের সঙ্গে জীবনযাপন করতে পারবেন। তাই সরকারের কাছে তাঁদের প্রধান দাবি, প্রতিবন্ধীদের জন্য জেলা ও ব্লক স্তরে নিয়মিত স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং চালু করা হোক এবং প্রশিক্ষণপ্রাপ্তদের উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থা করা হোক।উত্তম গুহ অভিযোগ করে বলেন, বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে প্রতিবন্ধীদের মাসিক ভাতা কমপক্ষে ২,০০০ টাকা করার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু বাস্তবে ভাতা মাত্র ৫০০ টাকা বৃদ্ধি করে ১,৫০০ টাকা করা হয়েছে। এতে প্রতিবন্ধী সমাজের মধ্যে হতাশা তৈরি হয়েছে।তিনি আরও বলেন, বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী—সমাজের এই তিনটি সবচেয়ে অসহায় অংশ আশা করেছিল নতুন সরকার তাঁদের আর্থিক নিরাপত্তা আরও শক্তিশালী করবে। কিন্তু সেই প্রত্যাশা পূরণ হয়নি। বর্তমান মূল্যবৃদ্ধির বাজারে ১,৫০০ টাকার ভাতা দিয়ে সংসার চালানো অত্যন্ত কঠিন বলেও তিনি মন্তব্য করেন।সম্মিলনী প্রতিবন্ধী সমিতির পক্ষ থেকে সরকারের কাছে আবেদন জানিয়ে উত্তম গুহ বলেন, “সমাজের সবচেয়ে পিছিয়ে পড়া মানুষদের কথা বিশেষভাবে ভাবতে হবে। শুধু ভাতা বৃদ্ধি নয়, তাঁদের দক্ষ করে গড়ে তুলে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা গেলে প্রতিবন্ধীরা আত্মনির্ভর হতে পারবেন এবং সম্মানের সঙ্গে জীবনযাপন করতে পারবেন।”সাংবাদিক সম্মেলনে সমিতির সদস্যরা জানান, প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে বলেই তাঁদের আশা।

