প্রজাতন্ত্র দিবসে জাতীয় পতাকায় সেজে উঠল কালিয়াগঞ্জ শহর তৃণমূল কার্যালয়

তন্ময় চক্রবর্তী সারাদেশের সঙ্গে তাল মিলিয়ে ৭৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহর তৃণমূল কংগ্রেস কার্যালয় সহ শহরের বিভিন্ন স্থানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। প্রজাতন্ত্র দিবসকে কেন্দ্র করে কালিয়াগঞ্জ শহর তৃণমূল কার্যালয়ে ছিল উৎসবমুখর পরিবেশ ও চাঁদের হাট।শহর তৃণমূল কংগ্রেস কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন শহর তৃণমূল কংগ্রেসের নেতা তথা উত্তর দিনাজপুর জেলা পরিষদের কর্মাধ্যক্ষ অসীম ঘোষ। পাশাপাশি দলীয় পতাকা উত্তোলন করেন কালিয়াগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজিত সরকার।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পৌরসভার তৃণমূল কংগ্রেসের সমস্ত কমিশনাররা।

এছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন পৌরপতি রামনিবাস সাহা, প্রাক্তন উপ-পৌরপতি ঈশ্বর রজক সহ দলের একাধিক প্রবীণ নেতা ও কর্মীরা।প্রজাতন্ত্র দিবস উপলক্ষে শহর তৃণমূল কার্যালয়ে সকাল থেকেই কর্মী-সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সংবিধানের আদর্শ, গণতন্ত্র ও দেশের সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। অনুষ্ঠান ঘিরে দলীয় কর্মী ও সাধারণ মানুষের মধ্যে ছিল প্রবল উৎসাহ ও উদ্দীপনা।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রজাতন্ত্র দিবস দেশের গর্বের দিন।

এই দিন নতুন করে দেশ ও মানুষের জন্য কাজ করার শপথ নেওয়া হয়।উত্তর দিনাজপুর জেলা পরিষদের কর্মাধ্যক্ষ অসীম ঘোষ বলেন “প্রজাতন্ত্র দিবস আমাদের সংবিধান, গণতন্ত্র ও দেশের সার্বভৌমত্ব রক্ষার শপথের দিন। জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আমরা নতুন করে দেশ ও মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করার অঙ্গীকার করছি। তৃণমূল কংগ্রেস সবসময় সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে এসেছে এবং আগামীতেও মানুষের স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যাব।”কালিয়াগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজিত সরকার বলেন “প্রজাতন্ত্র দিবস আমাদের কাছে শুধু উৎসব নয়, এটি দায়িত্ববোধের দিন। শহর তৃণমূল কংগ্রেস মানুষের উন্নয়ন ও সামাজিক ন্যায়ের প্রশ্নে প্রতিশ্রুতিবদ্ধ। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা আগামী দিনে কালিয়াগঞ্জ শহরের সার্বিক উন্নয়নে আরও সক্রিয় ভূমিকা নেব।”