পুলিশের নারী সুরক্ষা বাহিনীর নাম হলো ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’
মহিলা পুলিশের একটা অংশ স্কুটি নিয়ে সহরের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ান পুলিশের ইউনিফর্ম পরে। তাদের পোশাকের মধ্যে আসছে আমুল পরিবর্তন। নতুন পোশাক পরেই এবার থেকে শহরের নারীদের সুরক্ষা দেবে ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’। মহিলাদের সুরক্ষার জন্য স্কুটিতে করে টহলদারি টিম ‘উইনার্স’-এর নাম পালটেছে।

সদস্যরা এখন ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’-এর সদস্য। সেইমতো পুলিশের পোশাক তথা শার্ট-প্যান্ট পরে স্কুটি চালানোই দস্তুর। কিন্তু এবার এই মহিলা স্কোয়াডের ইউনিফর্মে আনা হচ্ছে বিশেষত্ব। তার সঙ্গে পালটানো হচ্ছে হেলমেটের চেহারাও। এবার থেকে স্কোয়াডের মহিলা পুলিশ আধিকারিক ও মহিলা পুলিশকর্মীদের পরনে থাকবে ওয়েস্টকোট ও অথবা অ্যাপ্রন। ডিউটির সময় পোশাকের উপর গোলাপি ও কমলা মিশ্রিত রঙের ওই ওয়েস্টকোট বা অ্যাপ্রন পরতে হবে ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’কে। এর বোতাম হবে কমলা রঙের। দু’পাশে দু’টি সাইড পকেট থাকবে।
আবার পকেট থাকবে ভিতরেও। পোশাকের সামনে ও পিছনের দিকটা গোলাপি হলেও দু’পাশ বা কলার থাকবে কমলা রঙের। পোশাকের সামনের অংশে বাঁদিকে ও পিছনে মা দুর্গার মুখ এবং ত্রিনয়নে ত্রিশূলের ছবি। তার নিচেই ইংরেজিতে বড় হরফে লেখা থাকবে ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’। লালবাজারের দাবি, গোলাপি রং মানে সহানুভূতি। আর কমলা রং জানান দেয় শক্তির। যখন ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’-এর সদস্যরা স্কুটি নিয়ে ডিউটি করবেন, তখন তাঁরা শহরের মানুষ ও বিপদে পড়া নারীদের প্রতি সহানুভূতি দেখাবেন, তেমনই সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়বেন নারীদের উপর অত্যাচারের দমনে। এই পোশাক যেন তাঁদের গর্বের কারণ হয়। আপাতত লালবাজারের পক্ষ থেকে ১১০টি এই পোশাকের বরাত দেওয়া হচ্ছে। তার জন্য কলকাতা পুলিশ খরচ করছে ২ লাখ ৭৫ হাজার টাকা।

