দীপাবলির আগমনের সঙ্গে সঙ্গে গঙ্গারামপুরের মোমবাতি কারখানাগুলিতে এখন ব্যস্ততার চূড়ান্ত
দীপাবলির আগমনের সঙ্গে সঙ্গে গঙ্গারামপুরের মোমবাতি কারখানাগুলিতে এখন ব্যস্ততার চূড়ান্ত। দিনরাত এক করে চলছে নানা আকৃতির ও রঙিন মোমবাতি তৈরির কাজ। অমাবস্যার অন্ধকার দূর করে আলোর রোশনাই ছড়ানোর এই উৎসবকে কেন্দ্র করে গঙ্গারামপুরে তৈরি মোমবাতির চাহিদা দিন দিন বেড়েই চলেছে।স্থানীয় কারিগরদের উদ্যোগে নানা ধরনে মোমবাতি—ডিজাইন, ফুল, পাত্র ও ঘর সাজানোর উপযোগী আলোকবাতি তৈরি হচ্ছে। শুধুমাত্র পুরুষ নয়, মহিলা কর্মীরাও বাড়তি উপার্জনের আশায় এই পেশায় যুক্ত হয়েছেন।

কেউ ছাঁচে মোম ঢালছেন, কেউ রঙ দিচ্ছেন, কেউ আবার মোড়কবন্দির কাজে ব্যস্ত।গঙ্গারামপুরের এই মোমবাতিগুলি শুধু স্থানীয় বাজারেই নয়, পৌঁছে যাচ্ছে জেলার অন্যান্য শহর—বালুরঘাট, বুনিয়াদপুর, কুশমন্ডি, তপন, কুমারগঞ্জ, হরিরামপুর ছাড়াও মালদা, গাজোল ও হেমতাবাদ পর্যন্ত। ফলে দীপাবলির আগে জেলাজুড়ে এই পণ্যটির চাহিদা তুঙ্গে।তবে প্রস্তুতকারকদের মতে, কাঁচামালের দাম বৃদ্ধির কারণে এ বছর কিছুটা বেড়েছে মোমবাতির দাম। তবুও আলোর উৎসবকে ঘিরে ব্যবসায়ীদের মুখে হাসি ফুটেছে। দীপাবলির রাতে এই গঙ্গারামপুরের তৈরি মোমবাতিই আলোয় ভরিয়ে তুলবে অসংখ্য ঘর ও মনের কোণ।

