কালিয়াগঞ্জের আয়ুশির স্বপ্নপূরণের পথে বড় পদক্ষেপ! ইডেন গার্ডেনে বেঙ্গল অনূর্ধ্ব-১৫ মহিলা ক্রিকেটের ট্রায়ালে ডাক
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ, ১৮ সেপ্টেম্বর:ক্রিকেটের মাঠে দীর্ঘদিনের কঠোর পরিশ্রম এবার যেন সাফল্যের দরজায় কড়া নাড়ছে কালিয়াগঞ্জের নবম শ্রেণির ছাত্রী আয়ুশি বর্মণের। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের স্কুলপাড়ার বাসিন্দা এবং মিলনময়ী বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির এই প্রতিভাবান ক্রিকেটার সুযোগ পেলেন বেঙ্গল মহিলা ক্রিকেটের অনূর্ধ্ব-১৫ দলের ট্রায়ালে।

আর সেই ট্রায়ালই হতে চলেছে তাঁর ক্রিকেটজীবনের এক গুরুত্বপূর্ণ মাইলফলক।ক্রিকেট বোর্ড অফ বেঙ্গলের পক্ষ থেকে উত্তর দিনাজপুর জেলা স্পোর্টস অ্যাসোসিয়েশনের মাধ্যমে জানানো হয়েছে, আগামী শনিবার কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেনে সকাল ৮টা ৩০ মিনিটে আয়ুশিকে বেঙ্গল মহিলা ক্রিকেটের অনূর্ধ্ব-১৫ বিভাগে ট্রায়ালের জন্য উপস্থিত থাকতে হবে।
এই খবর বাড়িতে পৌঁছাতেই আয়ুশির পরিবারে নেমে আসে আনন্দের আবহ। বাবা শিশির বর্মণ মেয়ের এই সুযোগের কথা জানতে পেরে অত্যন্ত খুশি। কারণ ছোটবেলা থেকেই ক্রিকেটকে ভালোবেসে মাঠে নিয়মিত অনুশীলন করে আসছে আয়ুশি।
দিনের পর দিন কঠোর পরিশ্রম, অনুশীলন এবং কোচের নির্দেশ মেনে নিজেকে তৈরি করার ফলেই আজ সে কলকাতার ইডেন গার্ডেনে ট্রায়ালের সুযোগ পেয়েছে।জানা যায়, গত প্রায় দুই বছর ধরে কালিয়াগঞ্জ শহরের রানিং বুলেট মাঠে অবস্থিত কালিয়াগঞ্জ ক্রিকেট অ্যাকাডেমিতে নিয়মিত প্রশিক্ষণ নিচ্ছে আয়ুশি। ক্রিকেট অ্যাকাডেমির কোচ রাহুল ঘোষের তত্ত্বাবধানে দীর্ঘদিন ধরে অনুশীলন করে নিজের দক্ষতা বাড়িয়েছে সে।আয়ুশির ট্রায়ালে ডাক পাওয়ার খবর জানাজানি হতেই কালিয়াগঞ্জ ক্রিকেট অ্যাকাডেমির অন্যান্য ছাত্রছাত্রীদের মধ্যেও যথেষ্ট উৎসাহ তৈরি হয়েছে। কোচ রাহুল ঘোষ বলেন, আয়ুশি অনূর্ধ্ব-১৫ বিভাগে বেঙ্গল ক্রিকেট বোর্ডের ট্রায়ালের জন্য ডাক পেয়েছে—এটি শুধু আয়ুশির নয়, কালিয়াগঞ্জ ক্রিকেট অ্যাকাডেমির কাছেও অত্যন্ত আনন্দের বিষয়। তাঁর মতে, আয়ুশির এই সুযোগ আগামী দিনে অ্যাকাডেমির অন্যান্য ক্রিকেটারদেরও আরও উৎসাহিত করবে।শুধু অ্যাকাডেমিতে অনুশীলন নয়, জেলা স্তরের বিভিন্ন প্রতিযোগিতাতেও আয়ুশির পারফরম্যান্স নজর কেড়েছে। জানা গেছে, উত্তর দিনাজপুর জেলার ক্রিকেট প্রতিযোগিতায় পরপর তিনবার ভালো পারফরম্যান্স করেছে সে। সেই ধারাবাহিক পারফরম্যান্সই সম্ভবত তাকে বেঙ্গল মহিলা ক্রিকেটের অনূর্ধ্ব-১৫ ট্রায়ালের দরজা পর্যন্ত পৌঁছে দিয়েছে।জানা গেছে, উত্তর দিনাজপুর জেলা থেকে এবার আয়ুশি ছাড়াও রায়গঞ্জ ও ডালখোলা থেকে আরও দুজন ক্রিকেটার ট্রায়ালের জন্য ডাক পেয়েছে। ফলে জেলার মহিলা ক্রিকেটে নতুন প্রতিভাদের উঠে আসার সম্ভাবনাও আরও উজ্জ্বল হচ্ছে।এদিকে, মেয়ের স্বপ্নপূরণের পথে যাতে কোনও সমস্যা না হয়, সেদিকেও বিশেষ নজর রেখেছেন বাবা শিশির বর্মণ। ১৮ সেপ্টেম্বর রাধিকাপুর-চিৎপুর এক্সপ্রেসে মেয়েকে সঙ্গে নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি। সামনে ইডেন গার্ডেনের বড় মঞ্চ। সেখানে ট্রায়ালে নিজের প্রতিভা তুলে ধরার অপেক্ষায় আয়ুশি।কালিয়াগঞ্জের ছোট্ট শহর থেকে ক্রিকেটের হাত ধরে কলকাতার ইডেন গার্ডেন—আয়ুশির এই যাত্রা নিঃসন্দেহে এলাকার ক্রীড়াপ্রেমীদের কাছে আনন্দের খবর। ট্রায়ালে সাফল্য পেলে বাংলার অনূর্ধ্ব-১৫ মহিলা ক্রিকেটে আরও বড় সুযোগের দরজা খুলে যেতে পারে এই প্রতিভাবান কিশোরীর সামনে।স্বপ্ন এখন একটাই—ইডেনের মাটিতে নিজের প্রতিভার ছাপ রেখে বাংলার জার্সি গায়ে চাপানো।

২০২২ সালে কালিয়াগঞ্জ শহরের রানিং বুলেট ক্লাবের মাঠে কালিয়াগঞ্জ ক্রিকেট অ্যাকাডেমির পথচলা শুরু হয়। সেই সময় অ্যাকাডেমি প্রতিষ্ঠার ক্ষেত্রে যিনি সর্বতোভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন, তিনি হলেন কালিয়াগঞ্জ থানার তৎকালীন আইসি আশীষ দলুই।
উল্লেখ্য, ২০২২ সালে কালিয়াগঞ্জ শহরের রানিং বুলেট ক্লাবের মাঠে কালিয়াগঞ্জ ক্রিকেট অ্যাকাডেমির পথচলা শুরু হয়। সেই সময় অ্যাকাডেমি প্রতিষ্ঠার ক্ষেত্রে যিনি সর্বতোভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন, তিনি হলেন কালিয়াগঞ্জ থানার তৎকালীন আইসি আশীষ দলুই। কালিয়াগঞ্জ ক্রিকেট অ্যাকাডেমির এই সাফল্যের খবর জানতে পেরে অত্যন্ত আনন্দিত ও গর্বিত প্রাক্তন আইসি আশীষ দলুই। তাঁর সহযোগিতায় শুরু হওয়া সেই উদ্যোগ আজ এগিয়ে চলেছে—এই খবর তাঁকে বিশেষভাবে খুশি করেছে।


