ইসলামপুরে সিনেমার কায়দায় অপহরণ! পুলিশকে লক্ষ্য করে গুলি, ধৃত ১, পলাতক একাধিক দুষ্কৃতী
দেবব্রত চক্রবর্তী ইসলামপুর :-উত্তর দিনাজপুরের ইসলামপুরে বৃহস্পতিবার দুপুরে ঘটে গেল রীতিমতো সিনেমার চিত্রনাট্যকে হার মানানো অপহরণের ঘটনা। প্রকাশ্য রাস্তায় এক ব্যক্তিকে মারধর করে জোরপূর্বক গাড়িতে তুলে নিয়ে যাওয়ার সময় পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালানোর চেষ্টা করে দুষ্কৃতীরা। ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে কয়েকজন অভিযুক্ত এখনও পলাতক। গোটা ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা গিয়েছে, ইসলামপুরের তিনপুল এলাকা দিয়ে বাড়ি ফিরছিলেন ইসলামপুর ব্লক কংগ্রেস সভাপতি হারুন রশিদ। সেই সময় তিনি দেখতে পান, একটি মারুতি ওমনি গাড়ি আচমকা একটি মোটরবাইকের সামনে এসে দাঁড়ায়। অভিযোগ, গাড়ি থেকে নেমে আসা চার থেকে পাঁচজন সশস্ত্র দুষ্কৃতী বাইক আরোহীকে বেধড়ক মারধর করে জোর করে গাড়িতে তুলে নেয়। এমনকি বন্দুকের বাট দিয়েও তাঁকে মারধর করা হয় বলে প্রত্যক্ষদর্শীদের দাবি। এরপর অপহরণকারীরা দ্রুত পাটাগোড়ার দিকে রওনা দেয়।ঘটনার গুরুত্ব বুঝে প্রত্যক্ষদর্শী হারুন রশিদ সঙ্গে সঙ্গে অপহরণকারীদের গাড়ির পিছু নেন এবং ইসলামপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিককে (আইসি) ফোন করে বিষয়টি জানান। খবর পেয়েই পুলিশ দ্রুত তৎপর হয়ে ওঠে। ইসলামপুর থানার পাশাপাশি পাটাগোড়া ফাঁড়ির পুলিশকে সতর্ক করা হয় এবং সম্ভাব্য রুটে নাকা চেকিং শুরু হয়।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ডিমঠি এলাকায় সন্দেহভাজন গাড়িটিকে আটকানোর চেষ্টা করলে দুষ্কৃতীরা পালানোর মরিয়া চেষ্টা করে। সেই সময় পুলিশকে লক্ষ্য করে এক থেকে দু’রাউন্ড গুলি চালানো হয়। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় কোনও পুলিশকর্মী আহত হননি। এরপর পুলিশ পাল্টা অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকেই একজন অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়। যদিও তার সঙ্গীরা অন্ধকার ও সুযোগের সদ্ব্যবহার করে পালিয়ে যায়।পুলিশ এখনও আনুষ্ঠানিকভাবে অপহৃত ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত জানায়নি। পলাতক অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। পুরো ঘটনার তদন্তে নেমেছে ইসলামপুর থানার পুলিশ।প্রকাশ্য দিবালোকে অপহরণ, পুলিশের উপর গুলি চালানোর মতো দুঃসাহসিক ঘটনায় ইসলামপুর জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত সকলকে দ্রুত গ্রেফতারের আশ্বাস দিয়েছে পুলিশ।

