আগামী কাল হরিরামপুরে বিজেপি প্রার্থী দেবব্রত মজুমদারের প্রচারে মিঠুন চক্রবর্তী

তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ, ১৯ এপ্রিল:দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর বিধানসভা কেন্দ্রের রাজনৈতিক সমীকরণ দিন দিন জটিল থেকে জটিলতর হয়ে উঠছে। তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্রকে ঘিরে এখন চারদিকেই চাপের আবহ তৈরি হয়েছে।একদিকে দলীয় অন্তর্দ্বন্দ্ব, অন্যদিকে সাধারণ মানুষের ক্ষোভ—এই দুইয়ের চাপে কার্যত কোণঠাসা অবস্থায় পড়েছেন তিনি।

পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী শুভাশিস পাল (সোনা)-র কংগ্রেস প্রার্থী হিসেবে হরিরামপুরে লড়াইয়ে নামা। রাজনৈতিক মহলের মতে, এই লড়াইয়ে শুভাশিস পালের প্রবেশ বিপ্লব মিত্রের জন্য বড়সড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।শুধু বিরোধী চাপই নয়, তৃণমূলের অন্দরেও ভাঙনের ইঙ্গিত মিলছে। অভিযোগ, বিপ্লব মিত্রের ঘনিষ্ঠ বহু কর্মী একে একে কংগ্রেসে যোগ দিচ্ছেন, যা তাঁর অবস্থানকে আরও দুর্বল করে তুলছে। অন্যদিকে শুভাশিস পাল প্রকাশ্যে জানিয়েছেন, তিনি এই নির্বাচনে বিপ্লব মিত্রকে পরাজিত করতেই বদ্ধপরিকর।এদিকে বিজেপিও হরিরামপুরে নিজেদের শক্ত ঘাঁটি তৈরি করতে মরিয়া।

বিজেপি প্রার্থী দেবব্রত মজুমদারের সভা-সমাবেশে মানুষের ব্যাপক উপস্থিতি চোখে পড়ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বাম-কংগ্রেস ভোটের বিভাজন এবং তৃণমূলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব—এই দুইয়ের সুযোগ নিয়ে বিজেপি এখানে সুবিধাজনক অবস্থানে চলে এসেছে।একসাক্ষাৎকারে দেবব্রত মজুমদার বলেন,“এবার হরিরামপুরের মানুষ পরিবর্তনের পক্ষে। এই আসন আর তৃণমূল বা বাম-কংগ্রেসের নয়—মানুষ এবার মোদীর নামে এই আসন উৎসর্গ করতে চাইছে।”তিনি আরও দাবি করেন, রাজ্য সরকারের প্রতি মানুষের আস্থা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে এবং সর্বত্রই বিজেপির সমর্থনে মানুষের ঢল নামছে।রাজনৈতিক উত্তেজনাকে আরও বাড়িয়ে দিতে সোমবার হরিরামপুরে আসছেন প্রখ্যাত অভিনেতা ও বিজেপি নেতা Mithun Chakraborty। তাঁর জনসভাকে কেন্দ্র করে ইতিমধ্যেই এলাকায় চরম উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।বিজেপি নেতা সত্যব্রত চৌধুরীও দাবি করেছেন,“দেবব্রত মজুমদারের জয় এখন সময়ের অপেক্ষা মাত্র। হরিরামপুরের মানুষ উন্নয়নের অভাব দেখেছে, এবার তারা ডবল ইঞ্জিন সরকারের পক্ষেই রায় দিতে প্রস্তুত।”সব মিলিয়ে, হরিরামপুর বিধানসভা কেন্দ্রে এবার ত্রিমুখী লড়াইয়ে উত্তেজনা চরমে। ভোটের ফলাফল কী হবে, তা সময়ই বলবে—তবে রাজনৈতিক লড়াই যে জমে উঠেছে, তা বলাই বাহুল্য।