“আকাশ ছোঁয়ার স্বপ্ন এবার স্কুলের বেঞ্চে! উত্তর দিনাজপুরের ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে শুরু হচ্ছে ড্রোন প্রযুক্তি প্রশিক্ষণ”

তপন চক্রবর্তী কালিয়াগঞ্জ ২০ জুন:প্রযুক্তিনির্ভর ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে উত্তর দিনাজপুর জেলার স্কুল পড়ুয়াদের জন্য শুরু হতে চলেছে এক অভিনব উদ্যোগ। ড্রোন প্রযুক্তির প্রতি ছাত্র-ছাত্রীদের আগ্রহ বাড়াতে এবং আগামী দিনের কর্মসংস্থানের নতুন দিগন্তের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দিতে জেলার ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ ড্রোন প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।উত্তর দিনাজপুর জেলা বিজ্ঞান ভারতীর উদ্যোগে আগামী ২৪ জুন থেকে শুরু হবে এই বিশেষ কর্মসূচি। টানা ২০ দিন ধরে জেলার বিভিন্ন বিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে এই কর্মশালা অনুষ্ঠিত হবে।

 

নবম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীরা এতে অংশগ্রহণের সুযোগ পাবে।জেলা বিজ্ঞান ভারতীর কর্মকর্তা অঙ্কুশ মৈত্র জানান, বর্তমান সময়ে ড্রোন প্রযুক্তি কৃষি, নিরাপত্তা, দুর্যোগ ব্যবস্থাপনা, মানচিত্র নির্মাণ, ফটোগ্রাফি থেকে শুরু করে নানা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

 

তাই স্কুল স্তর থেকেই ছাত্র-ছাত্রীদের এই আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচিত করে তোলার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

জেলার যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে এই কর্মশালা অনুষ্ঠিত হবে, তার মধ্যে রয়েছে কর্ণজোড়া হাই স্কুল, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়, মারাইকুড়া ইন্দ্রমোহন উচ্চ বিদ্যালয়, গোপালপুর বিদ্যাপীঠ, হেমতাবাদ আদর্শ বিদ্যালয়, ইটাহার উচ্চ বিদ্যালয়-সহ একাধিক নামী শিক্ষা প্রতিষ্ঠান।তিন দিনব্যাপী প্রতিটি প্রশিক্ষণ শিবিরে ছাত্র-ছাত্রীদের হাতে-কলমে ড্রোনের নকশা তৈরি, ড্রোন সংযোজন, পরিচালনা ও নিরাপদে উড়ানোর কৌশল শেখানো হবে। পাশাপাশি ড্রোন প্রযুক্তির ব্যবহার, সম্ভাবনা এবং ভবিষ্যৎ কর্মসংস্থানের ক্ষেত্র সম্পর্কেও বিস্তারিত ধারণা দেওয়া হবে।আয়োজকদের মতে, শুধুমাত্র পাঠ্যবইয়ের গণ্ডিতে সীমাবদ্ধ না থেকে বাস্তবমুখী প্রযুক্তিগত শিক্ষার সুযোগ পেলে ছাত্র-ছাত্রীদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তাভাবনা এবং প্রযুক্তি সম্পর্কে আগ্রহ আরও বৃদ্ধি পাবে। একই সঙ্গে ভবিষ্যতের দক্ষ মানবসম্পদ গড়ে তুলতেও এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।ডিজিটাল যুগে প্রযুক্তি শিক্ষার এই নতুন অধ্যায় উত্তর দিনাজপুরের ছাত্র-ছাত্রীদের সামনে উন্মোচন করতে চলেছে সম্ভাবনার এক নতুন আকাশ।