৭৫ বছরে স্টুডেন্টস হেলথ হোম, কালিয়াগঞ্জে জমজমাট সাংস্কৃতিক প্রতিযোগিতা—২৪৭ প্রতিযোগীর লড়াই, সেরার মঞ্চ বহরমপুরে

তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ, ১২ সেপ্টেম্বর:স্টুডেন্টস হেলথ হোমের ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে কালিয়াগঞ্জে আয়োজিত হল প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান। শনিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ আঞ্চলিক কমিটির উদ্যোগে কালিয়াগঞ্জ মিলনময়ী উচ্চ বালিকা বিদ্যালয়ে দিনভর এই সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। ছাত্রছাত্রীদের মধ্যে সুপ্ত প্রতিভার বিকাশ এবং সাংস্কৃতিক চর্চাকে উৎসাহিত করতেই এই উদ্যোগ বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডা. শান্তনু দাস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডা. গৌতম মজুমদার, কালিয়াগঞ্জ কলেজের অধ্যাপক ড. পবিত্র বর্মন, কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নন্দন সাহা এবং কালিয়াগঞ্জ ব্যবসায়ী সমিতির সভাপতি প্রকাশ কুন্ডু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিলনময়ী উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লাবনী রায়।স্বাগত ভাষণে প্রধান শিক্ষিকা লাবনী রায় বলেন, স্টুডেন্টস হেলথ হোমের ৭৫ বছরের ইতিহাসের সঙ্গে রাজ্যের বহু হতদরিদ্র ছাত্রছাত্রীর স্বপ্ন ও ভরসা জড়িয়ে রয়েছে।

দীর্ঘদিন ধরে এই প্রতিষ্ঠান ছাত্রছাত্রীদের পাশে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বলেও তিনি উল্লেখ করেন।অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের অভিভাবকদের উদ্দেশে গুরুত্বপূর্ণ বার্তা দেন বিশিষ্ট চিকিৎসক ডা. শান্তনু দাস। তিনি বলেন, ছেলেমেয়েদের শুধু পড়াশোনার মধ্যে আটকে না রেখে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সুযোগ দিতে হবে।

সবসময় পড়াশোনার চাপ না দিয়ে সন্তানদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার পরামর্শ দেন তিনি।

তাঁর মতে, অভিভাবকদের আচরণের ইতিবাচক প্রভাব সন্তানদের ভবিষ্যৎ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।স্টুডেন্টস হেলথ হোমের কালিয়াগঞ্জ কেন্দ্রের সম্পাদক রঞ্জন মোদক জানান, ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে মোট ২৯টি বিভাগে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।

কালিয়াগঞ্জের অনুষ্ঠানে বিভিন্ন বিভাগ মিলিয়ে মোট ২৪৭ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।রঞ্জন মোদক আরও জানান, প্রতিটি বিভাগ থেকে প্রথম স্থানাধিকারীরাই রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবেন।

আগামী ২২ ডিসেম্বর বহরমপুরে অনুষ্ঠিত হতে চলা রাজ্যস্তরের অনুষ্ঠানে কালিয়াগঞ্জ থেকে সেরারাই প্রতিনিধিত্ব করবেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ স্টুডেন্টস হেলথ হোম আঞ্চলিক কেন্দ্রের সভাপতি প্রবীর কুমার সাহা এবং উৎসব কমিটির যুগ্ম সম্পাদক অভিজিৎ সরকার ও নির্মাল্য দাস। ছাত্রছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এদিনের অনুষ্ঠান কার্যত পরিণত হয় মিলন ও প্রতিভার এক বর্ণময় উৎসবে।