“৩৪ বছরের পর এবার ১৫ বছরের ‘জগদ্দল পাথর’ সরানোর ডাক”—কালিয়াগঞ্জে কংগ্রেসের তীব্র আক্রমণ তৃণমূলের বিরুদ্ধে

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,২৯ মার্চ: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালো কংগ্রেস। কালিয়াগঞ্জের হনুমান ভবনে ব্লক সংখ্যালঘু কংগ্রেস কমিটির ডাকে আয়োজিত এক সভায় তৃণমূলকে ‘জগদ্দল পাথর’ আখ্যা দিয়ে সরানোর ডাক দিলেন কংগ্রেস নেতৃত্ব।সভায় বক্তব্য রাখতে গিয়ে কালিয়াগঞ্জ ব্লক কংগ্রেস সভাপতি সুজিত দত্ত বলেন, “৩৪ বছরের বামফ্রন্ট সরকার নামক জগদ্দল পাথরকে মানুষ সরিয়েছে।

এবার সময় এসেছে ১৫ বছরের তৃণমূল সরকার নামক জগদ্দল পাথরকে উৎখাত করার।” তিনি আরও দাবি করেন, “তৃণমূল ক্ষমতা হারালে ছয় মাসের মধ্যে এই দলের অস্তিত্বই থাকবে না, কিন্তু কংগ্রেস একটি সর্বভারতীয় দল, যার শিকড় গোটা দেশে বিস্তৃত।”তিনি কালিয়াগঞ্জবাসীর উদ্দেশ্যে বলেন, “জাতীয় কংগ্রেস একটি ঐতিহ্যবাহী দল। আমাদের ভূমিপুত্রই কালিয়াগঞ্জ থেকে কংগ্রেসের প্রার্থী হতে চলেছেন।” প্রয়াত বিধায়ক প্রমথনাথ রায়ের উন্নয়নমূলক কাজের প্রসঙ্গ তুলে তিনি জানান, “কংগ্রেস ক্ষমতায় না থাকলেও রাধিকাপুরের টাঙ্গন নদীর উপর গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ সম্ভব হয়েছে তাঁর উদ্যোগেই।”সভায় অন্যান্য বক্তারাও তৃণমূল সরকারের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তোলেন। জাহাঙ্গীর আলম বলেন, “বর্তমান তৃণমূল সরকার রাজ্যকে সব দিক দিয়ে পিছিয়ে দিয়েছে। এই সরকার আর ক্ষমতায় ফেরা উচিত নয়।”কংগ্রেস নেতা আইয়ুব আলী বলেন, “সাধারণ মানুষের স্বার্থে একটি স্বচ্ছ ভাবমূর্তির সরকার গঠন জরুরি। তাই তৃণমূলকে ক্ষমতা থেকে সরাতে হবে।”এদিন তৃণমূলের বিরুদ্ধেই সরব হন কালিয়াগঞ্জ শহর তৃণমূল সভাপতি তুলসী জয়সওয়াল। তিনি বলেন, “গত ১৫ বছরে তৃণমূলের ‘মা-মাটি-মানুষের’ সরকার সম্পূর্ণ দুর্নীতিগ্রস্ত হয়ে উঠেছে। আগামী প্রজন্মের কথা ভেবে মানুষ এই সরকারকে আর সুযোগ দেবে না।”সভায় উপস্থিত ছিলেন যুব কংগ্রেস নেতা গিরিধারী প্রামাণিক, জপেন সরকার, মামুন রেজা, পঙ্কজ পাল সহ একাধিক নেতৃত্ব।আসন্ন নির্বাচনকে ঘিরে কালিয়াগঞ্জে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে বলে মত রাজনৈতিক মহলের।