২০২৬ বিধানসভা নির্বাচন সামনে রেখে বিজেপির ‘পরিবর্তন যাত্রা’ প্রস্তুতি বৈঠক রায়গঞ্জে

তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর | ২১ ফেব্রুয়ারি :২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপির ‘পরিবর্তন যাত্রা’ কর্মসূচির প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হলো রায়গঞ্জে। শুক্রবার রায়গঞ্জের একটি বেসরকারি হোটেলের কনফারেন্স হলে এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক বাপ্পা গোস্বামী।এছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির দিনাজপুর জেলা সভাপতি নিমাই কবিরাজ, বিজেপির মালদা বিভাগের দলীয় কনভেনর শংকর চক্রবর্তী, রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল সহ পরিবর্তন যাত্রার সঙ্গে যুক্ত জেলার সমস্ত নেতৃত্ব ও বিভিন্ন মোর্চার জেলা পদাধিকারীরা।

বৈঠকে আগামী বিধানসভা নির্বাচনের রণকৌশল, সংগঠনকে আরও শক্তিশালী করা এবং পরিবর্তন যাত্রাকে কীভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়—তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। নেতারা জানান, এসএআর  পর্ব শেষ হলেই রাজ্যে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতে পারে। সম্ভাবনা রয়েছে, মার্চ মাসের প্রথম দিকে ভোটার নির্ঘণ্ট প্রকাশ এবং এপ্রিলের মাঝামাঝি ভোটগ্রহণ শুরু হতে পারে।এই প্রসঙ্গে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক বাপ্পা গোস্বামী বলেন,“পশ্চিমবঙ্গের মানুষ পরিবর্তন চায়। তৃণমূল কংগ্রেসের অপশাসন, দুর্নীতি ও দমননীতির বিরুদ্ধে রাজ্যজুড়ে জনমত গড়ে তুলতেই এই পরিবর্তন যাত্রা। আগামী নির্বাচনে বিজেপিই রাজ্যে বিকল্প শক্তি হিসেবে উঠে আসবে।”বিজেপির মালদা বিভাগের কনভেনর শংকর চক্রবর্তী বলেন,“পরিবর্তন যাত্রা শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি বাংলার মানুষের ন্যায় ও উন্নয়নের দাবি। জেলার প্রতিটি ব্লক ও বুথ স্তরে সংগঠনকে মজবুত করাই আমাদের লক্ষ্য।”রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল জানান,“জনগণের সমস্যাকে সামনে রেখে বিজেপি মানুষের পাশে দাঁড়িয়েছে। পরিবর্তন যাত্রার মাধ্যমে মানুষের ক্ষোভ ও আশাকে একত্রিত করে ২০২৬-এ তৃণমূল সরকারকে উৎখাত করা হবে।”জেলা বিজেপি সভাপতি নিমাই কবিরাজ বলেন,“পশ্চিমবঙ্গ বদলের ডাক দিয়েই পরিবর্তন যাত্রা শুরু হবে। জেলা থেকে রাজ্য—সব স্তরে সংগঠন প্রস্তুত। বিজেপি কর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে নামবে।”এই বৈঠকের মাধ্যমে উত্তর দিনাজপুর জেলায় বিজেপির পরিবর্তন যাত্রা কর্মসূচিকে আরও গতিশীল করার রূপরেখা স্পষ্ট হলো বলে মনে করছেন রাজনৈতিক মহল।