হারানো ৮০ মোবাইল ফিরে পেলেন মালিকেরা, স্বাধীনতা দিবসে কালিয়াগঞ্জ থানার মানবিক উদ্যোগ

তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ, ১৫ আগস্ট:৮০তম স্বাধীনতা দিবসের আবহে অভিনব মানবিক উদ্যোগ নিল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থানার পুলিশ। দীর্ঘদিন ধরে হারিয়ে যাওয়া ও উদ্ধার হওয়া ৮০টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হল স্বাধীনতা দিবসের দিন। পুলিশের এই উদ্যোগে খুশি সাধারণ মানুষ। কালিয়াগঞ্জ থানার নতুন আইসি অভিজিৎ দত্তের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মোবাইল ফিরে পাওয়া বাসিন্দারা।শনিবার স্বাধীনতা দিবস উপলক্ষ্যে কালিয়াগঞ্জ থানায় বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে  এসডিপিও মহঃ বদিউজ্জামানের উপস্থিতিতে কালিয়াগঞ্জ থানার আইসি অভিজিৎ দত্ত উদ্ধার হওয়া ৮০টি মোবাইল ফোন তাঁদের প্রকৃত মালিকদের হাতে তুলে দেন।পুলিশ সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলির মালিকদের মধ্যে কালিয়াগঞ্জ ব্লকের বিভিন্ন এলাকার বাসিন্দাদের পাশাপাশি কালিয়াগঞ্জ পৌরসভার বাসিন্দারাও রয়েছেন। দীর্ঘদিন পর নিজেদের হারিয়ে যাওয়া মোবাইল ফোন হাতে পেয়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত হয়ে ওঠেন তাঁরা।কালিয়াগঞ্জ থানার আইসি অভিজিৎ দত্ত জানান, হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধারের ক্ষেত্রে পুলিশ ধারাবাহিকভাবে প্রযুক্তির সাহায্যে কাজ করে চলেছে। সেই প্রক্রিয়াতেই একসঙ্গে ৮০টি মোবাইল ফোন উদ্ধার করা সম্ভব হয়েছে। স্বাধীনতা দিবসের মতো বিশেষ দিনে প্রকৃত মালিকদের হাতে ফোনগুলি তুলে দিতে পেরে পুলিশও আনন্দিত।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসডিপিও মহঃ বদিউজ্জামান, কালিয়াগঞ্জ থানার আইসি অভিজিৎ দত্ত, এসআই রামচন্দ্র ঘোষ-সহ থানার অন্যান্য আধিকারিকরা। মোবাইল ফোন ফিরে পাওয়া সাধারণ মানুষ পুলিশ আধিকারিকদের অভিনন্দন জানান এবং কালিয়াগঞ্জ থানার এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।স্বাধীনতা দিবসের দিনে হারানো সম্পদ ফিরে পাওয়ার এই উদ্যোগে পুলিশ-জনতার সম্পর্ক আরও দৃঢ় হওয়ার বার্তাই উঠে এল কালিয়াগঞ্জে।