হরিরামপুরে বিজেপির জনসভায় মিঠুন চক্রবর্তীর তীব্র আক্রমণ, পরিবর্তনের ডাক

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ ২০ এপ্রিল: নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে দক্ষিণ দিনাজপুর জেলায়। সোমবার হরিরামপুর হাই স্কুল মাঠে অনুষ্ঠিত বিজেপির এক বিশাল জনসভায় উপস্থিত থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ শানালেন বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা ও বিজেপির জাতীয় কর্মসমিতির সদস্য মিঠুন চক্রবর্তী।বিজেপি প্রার্থী দেবব্রত মজুমদারের সমর্থনে আয়োজিত এই জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, বর্তমান তৃণমূল সরকারের কোনও কার্যকর অস্তিত্ব নেই এবং রাজ্যের উন্নয়নের স্বার্থে এই সরকারকে উৎখাত করা প্রয়োজন। তিনি সাধারণ মানুষের উদ্দেশ্যে আহ্বান জানান, নিজেদের এবং আগামী প্রজন্মের ভবিষ্যতের কথা ভেবে সঠিক সিদ্ধান্ত নিতে।

মিঠুন চক্রবর্তী তাঁর বক্তব্যে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বলেন, “দুর্নীতিগ্রস্ত সরকারকে সরিয়ে কাজের সরকার আনতে হবে।” তিনি দাবি করেন, বিজেপি ক্ষমতায় এলে মহিলাদের আর্থিক সহায়তার পাশাপাশি তাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। এছাড়াও তিনি বলেন, রাজ্যে নতুন শিল্প গড়ে তুলে বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে এবং বিভিন্ন সরকারি পদে শিক্ষিত বেকারদের নিয়োগের পথ খুলে দেওয়া হবে।স্বাস্থ্য পরিষেবার প্রসঙ্গেও তিনি রাজ্য সরকারের সমালোচনা করে বলেন, কেন্দ্র সরকারের আয়ুষ্মান ভারত প্রকল্প এই রাজ্যে কার্যকর না হওয়ায় সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছেন। বিজেপি সরকার গঠিত হলে এই প্রকল্প দ্রুত চালু করা হবে বলেও তিনি আশ্বাস দেন।তিনি আরও বলেন, ভোটের সময় ভয় কাটিয়ে মানুষকে নিজেদের মত প্রকাশ করতে হবে এবং একটি “ভরসার সরকার” প্রতিষ্ঠার জন্য এগিয়ে আসতে হবে।এই জনসভায় উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সভাপতি স্বরূপ চৌধুরী সহ একাধিক দলীয় নেতৃত্ব। এদিন মিঠুন চক্রবর্তীকে একনজর দেখার জন্য হরিরামপুরে সাধারণ মানুষের ভিড় উপচে পড়ে, যা জনসভার গুরুত্ব আরও বাড়িয়ে তোলে।সব মিলিয়ে, নির্বাচনের আগে এই জনসভা রাজনৈতিক দিক থেকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।