স্বদেশী থেকে অপারেশন সিঁদুর—নেতাজি জন্মদিনে পড়ুয়াদের মডেল ও কুইজে প্রাণ পেল পিএম শ্রী কেন্দ্রীয় বিদ্যালয়
রামকৃষ্ণ সাহা রায়গঞ্জ :-২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের পিএম শ্রী কেন্দ্রীয় বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো বিশেষ শিক্ষামূলক ও সচেতনতা মূলক অনুষ্ঠান। পরীক্ষার পরবর্তী চর্চা কার্যক্রমের অঙ্গ হিসেবে আয়োজিত এই অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতা ও থিম্যাটিক প্রদর্শনীর মাধ্যমে ছাত্রছাত্রীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।এদিন বিদ্যালয় প্রাঙ্গণে দুইটি বিভাগে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রথম বিভাগে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীরা এবং দ্বিতীয় বিভাগে নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা অংশগ্রহণ করে। পাশাপাশি ‘অপারেশন সিঁদুর’ ও ‘স্বদেশী আন্দোলন’ বিষয়কে কেন্দ্র করে শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন মডেল প্রদর্শিত হয়, যা দর্শকদের বিশেষভাবে আকর্ষণ করে।অনুষ্ঠানে প্রায় ১০০ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে।

শুধু বিদ্যালয়ের পড়ুয়াই নয়, জেলার বিভিন্ন বিদ্যালয় থেকে আগত বহু ছাত্রছাত্রী এই প্রতিযোগিতা ও প্রদর্শনীতে অংশ নিয়ে অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।অনুষ্ঠান শেষে সফল প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ প্রসঙ্গে বিদ্যালয়ের প্রিন্সিপাল ইনচার্জ মিস্টার দেবেন্দ্র বলেন, “নেতাজির আদর্শ ও দেশপ্রেমের চেতনাকে ছাত্রছাত্রীদের মধ্যে জাগ্রত করতেই এই ধরনের কার্যক্রমের আয়োজন। পড়াশোনার পাশাপাশি এমন কর্মকাণ্ড শিক্ষার্থীদের মানসিক ও বৌদ্ধিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”নেতাজি জন্মদিন উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠান ছাত্রছাত্রীদের মধ্যে দেশাত্মবোধ ও ইতিহাস চর্চার আগ্রহ বাড়াতে বিশেষ ভূমিকা নিল বলে মনে করছেন শিক্ষকমহল।



