সাহসিকতার স্বীকৃতি! কালিয়াগঞ্জ থানার আইসি ও সেকেন্ড অফিসারকে বিশেষ সংবর্ধনা ক্রেতা সুরক্ষা সমিতির
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ, ৭ সেপ্টেম্বর: সামাজিক দায়িত্ব পালনে নিষ্ঠা, কর্তব্যপরায়ণতা এবং বিভিন্ন ক্ষেত্রে সাহসিকতার সঙ্গে কাজ করার স্বীকৃতি হিসেবে কালিয়াগঞ্জ থানার আইসি অভিজিৎ দত্ত এবং সেকেন্ড অফিসার রামচন্দ্র ঘোষকে বিশেষ সংবর্ধনা জানাল কালিয়াগঞ্জ ক্রেতা সুরক্ষা ও সেবা সমিতি। 
সোমবার কালিয়াগঞ্জে আয়োজিত এক অনুষ্ঠানে দুই পুলিশ আধিকারিককে সম্মানিত করা হয়। তাঁদের সামাজিক দায়িত্ব পালনে অসাধারণ ভূমিকা এবং সাহসিকতার সঙ্গে কর্তব্য পালনের প্রশংসা করেন ক্রেতা সুরক্ষা সমিতির সদস্যরা।সমিতির পক্ষ থেকে আইসি অভিজিৎ দত্ত ও সেকেন্ড অফিসার রামচন্দ্র ঘোষকে উত্তরীয় পরিয়ে এবং হাতে ফুলের স্তবক তুলে দিয়ে সম্মান জানানো হয়।
এরপর তাঁদের হাতে তুলে দেওয়া হয় মানপত্র। এই সংবর্ধনা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন দুই পুলিশ আধিকারিকই।সংবর্ধনার জবাবে কালিয়াগঞ্জ থানার আইসি অভিজিৎ দত্ত এবং সেকেন্ড অফিসার রামচন্দ্র ঘোষ বলেন, এই সম্মান তাঁদের কাছে অত্যন্ত গর্বের। একইসঙ্গে এই স্বীকৃতি তাঁদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। আগামী দিনেও সমাজের মানুষের স্বার্থে এবং এলাকার উন্নয়নে আরও আন্তরিকতার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।ক্রেতা সুরক্ষা ও সেবা সমিতির পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভাপতি কানাই শেঠ এবং সম্পাদক সন্দীপ ধর। এছাড়াও সংগঠনের বিভিন্ন পদাধিকারীদের মধ্যে উপস্থিত ছিলেন স্বপ্না সরকার, ডলি মোদক সাহা, প্রকাশ কুণ্ডু, ড. চিন্ময় দেবগুপ্ত, রথীন্দ্রনাথ দাস, ড. মানিকলাল সাহা, উৎপল সেন, অনিল দেবশর্মা এবং বিশ্বেশ্বর পোদ্দার-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।পুলিশের দুই আধিকারিককে এই সম্মান জানানোকে কেন্দ্র করে অনুষ্ঠানে এক ইতিবাচক পরিবেশের সৃষ্টি হয়। কর্তব্যনিষ্ঠা ও সাহসিকতার স্বীকৃতি হিসেবে এই সংবর্ধনা আগামী দিনে পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে আরও সুসম্পর্ক গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেই মনে করছেন উপস্থিতরা।

