“সম্প্রীতির বার্তা নিয়ে ঈদ উদযাপনের ডাক” — কালিয়াগঞ্জ থানায় প্রশাসন ও ইমামদের বিশেষ বৈঠক

তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ, ২১ মে:আসন্ন ঈদ উৎসবকে ঘিরে শান্তি, সম্প্রীতি এবং সৌহার্দ্যের পরিবেশ বজায় রাখতে বৃহস্পতিবার কালিয়াগঞ্জ থানায় অনুষ্ঠিত হলো একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক। উৎসবের সময় যাতে গোটা এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে এবং সাধারণ মানুষ নির্বিঘ্নে ঈদের আনন্দ উপভোগ করতে পারেন, সেই লক্ষ্যেই এই বৈঠকের আয়োজন করা হয়।

কালিয়াগঞ্জ থানার আইসি সুদীপ কুমার প্রধান-এর নেতৃত্বে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ ব্লকের আটটি গ্রাম পঞ্চায়েতের প্রধান, বিভিন্ন এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব, সমাজের প্রতিনিধিরা এবং একাধিক মসজিদের ইমামরা। এছাড়াও রায়গঞ্জ থেকে পুলিশের ঊর্ধ্বতন আধিকারিকরাও বৈঠকে যোগ দেন এবং উৎসব উপলক্ষে প্রশাসনিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।বৈঠকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়, ঈদ উৎসবকে কেন্দ্র করে সরকারি সমস্ত নিয়ম ও বিধিনিষেধ মেনে চলতে হবে। কোথাও যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং সামাজিক সম্প্রীতির পরিবেশ বজায় থাকে, সেই বিষয়ে সকলকে সতর্ক থাকার আবেদন জানানো হয়। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, কালিয়াগঞ্জ ব্লক বরাবরই শান্তিপূর্ণ ও সৌহার্দ্যের পরিবেশের জন্য পরিচিত। সেই ঐতিহ্য বজায় রাখতেই সকল সম্প্রদায়ের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে।আইসি সুদীপ কুমার প্রধান বৈঠকে বলেন, “ঈদ শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব নয়, এটি ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির বার্তা বহন করে। তাই সকলের সহযোগিতায় শান্তিপূর্ণভাবে উৎসব পালন করাই আমাদের মূল লক্ষ্য।” তিনি আরও জানান, উৎসবের দিনগুলিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে এবং বিভিন্ন সংবেদনশীল এলাকায় পুলিশের নজরদারি বাড়ানো হবে।বৈঠকে উপস্থিত ইমাম ও জনপ্রতিনিধিরাও প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানান। তারা বলেন, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকলেই প্রশাসনের সঙ্গে সহযোগিতা করবেন এবং মানুষের মধ্যে সচেতনতার বার্তাও পৌঁছে দেবেন।এদিকে ঈদকে সামনে রেখে কালিয়াগঞ্জ শহর ও গ্রামীণ এলাকার বাজারগুলিতে ইতিমধ্যেই বাড়তে শুরু করেছে কেনাকাটার ভিড়। নতুন জামা-কাপড়, জুতো ও অন্যান্য সামগ্রী কিনতে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের উৎসাহ চোখে পড়ার মতো। বাজার এলাকাগুলিতে উৎসবের আমেজ ধীরে ধীরে আরও জমে উঠছে।সব মিলিয়ে প্রশাসনের এই উদ্যোগকে কেন্দ্র করে কালিয়াগঞ্জে এবারও শান্তি ও সম্প্রীতির আবহে খুশির ঈদ উদযাপনের আশাবাদী সাধারণ মানুষ।