সবুজে সাজবে কালিয়াগঞ্জ! বিকশিত ভারত জি রাম জি প্রকল্পে ধনকোলে বৃক্ষরোপণ অভিযান, ৮ গ্রাম পঞ্চায়েতে ২০ হাজার গাছ লাগানোর উদ্যোগ
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ, ১৯ আগস্ট:পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কালিয়াগঞ্জে শুরু হল বৃহৎ বৃক্ষরোপণ অভিযান। বিকশিত ভারত জি রাম জি প্রকল্পের মাধ্যমে বুধবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের ধনকোলে আনুষ্ঠানিকভাবে এই বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করা হয়। পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও বন দপ্তরের যৌথ উদ্যোগে ধনকোল কিষান মাণ্ডি সংলগ্ন বালা পুকুর শ্মশান ময়দানে আয়োজিত হয় এই বিশেষ কর্মসূচি।পরিবেশের ভারসাম্য রক্ষা, আগামী প্রজন্মের জন্য সবুজ পরিবেশ গড়ে তোলা এবং গ্রামীণ এলাকায় বৃক্ষের সংখ্যা বৃদ্ধি করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা যায়।
কর্মসূচির সূচনাকে ঘিরে এলাকায় যথেষ্ট উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিকশিত ভারত জি রাম জি প্রকল্পের নোডাল অফিসার রথীন বিশ্বাস, রায়গঞ্জ বন বিভাগের ডিএফও ভূপেন বিশ্বকর্মা, কালিয়াগঞ্জের বিডিও লক্ষ্মীকান্ত রায়, ধনকোল গ্রাম পঞ্চায়েতের প্রধান তারিণী দেবশর্মা, কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা ব্রজেন্দ্রনাথ রায়-সহ বিভিন্ন গ্রাম সংসদের সদস্যরা।অনুষ্ঠানে উপস্থিত প্রশাসনিক আধিকারিক ও জনপ্রতিনিধিরা পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। তাঁদের বক্তব্যে উঠে আসে, শুধু গাছ লাগানোই নয়, ভবিষ্যতে সেই গাছগুলির পরিচর্যা ও সংরক্ষণের দিকেও নজর দেওয়া অত্যন্ত জরুরি। কারণ, একটি গাছ ভবিষ্যৎ প্রজন্মকে নির্মল পরিবেশ দেওয়ার পাশাপাশি মাটির উর্বরতা, জীববৈচিত্র্য এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।কালিয়াগঞ্জ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক লক্ষ্মীকান্ত রায় জানান, কালিয়াগঞ্জ ব্লকের মোট ৮টি গ্রাম পঞ্চায়েতে প্রায় ২০ হাজার বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে বিভিন্ন এলাকায় এই বৃক্ষরোপণ কর্মসূচি চালানো হবে।ধনকোলের বালা পুকুর শ্মশান ময়দানে গাছ লাগানোর মধ্য দিয়ে এদিন এই বৃহৎ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়। প্রশাসন, পঞ্চায়েত ও বন দপ্তরের যৌথ উদ্যোগে এই বৃক্ষরোপণ অভিযান আগামী দিনে কালিয়াগঞ্জের বিভিন্ন প্রান্তে আরও বিস্তৃত হবে বলে জানা গিয়েছে।২০ হাজার গাছের এই উদ্যোগে সবুজে আরও সমৃদ্ধ হবে কালিয়াগঞ্জ—এমনটাই প্রত্যাশা প্রশাসন ও স্থানীয় বাসিন্দাদের।

