সংসদের আদলে বিতর্ক, প্রশ্নোত্তর! ইসলামপুরে ছাত্রছাত্রীদের নিয়ে জমজমাট ইয়ুথ পার্লামেন্ট
ইসলামপুর: ছাত্রছাত্রীদের মধ্যে ভারতীয় গণতন্ত্র, রাজনৈতিক ব্যবস্থা ও সংসদীয় কার্যপ্রণালী সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে ইসলামপুর বিডিও অফিসের মিটিং হলে অনুষ্ঠিত হল ইয়ুথ পার্লামেন্ট ও কুইজ প্রতিযোগিতা। ইসলামপুরের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এদিনের কর্মসূচি হয়ে ওঠে প্রাণবন্ত।ইয়ুথ পার্লামেন্টের মাধ্যমে ছাত্রছাত্রীদের সামনে সংসদীয় গণতন্ত্রের কার্যপ্রণালীকে বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়।
কীভাবে লোকসভা ও বিধানসভায় অধিবেশন পরিচালিত হয়, কীভাবে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা ও বিতর্ক হয় এবং সংসদীয় ব্যবস্থায় জনপ্রতিনিধিদের ভূমিকা কী—এই সমস্ত বিষয় সম্পর্কে পড়ুয়াদের ধারণা দেওয়া হয়।শুধু বইয়ের পাতায় গণতন্ত্রের পাঠ নয়, সংসদীয় ব্যবস্থাকে সামনে থেকে বোঝার সুযোগ পেয়ে ছাত্রছাত্রীদের মধ্যেও দেখা যায় ব্যাপক উৎসাহ। ইয়ুথ পার্লামেন্টের মাধ্যমে যুক্তি, বক্তব্য উপস্থাপন, প্রশ্ন করা এবং গণতান্ত্রিক পদ্ধতিতে মতামত প্রকাশের অভ্যাস গড়ে তোলার উপরও গুরুত্ব দেওয়া হয়।ইসলামপুরের বিডিও পিনাকী দেবনাথ জানান, ছাত্রছাত্রীদের মধ্যে ভারতবর্ষের রাজনৈতিক ও সংসদীয় ব্যবস্থা সম্পর্কে সচেতনতা বাড়াতেই এই ধরনের কর্মসূচির আয়োজন করা হয়েছে। ইয়ুথ পার্লামেন্টের মাধ্যমে পড়ুয়ারা সংসদ কীভাবে পরিচালিত হয় এবং গণতান্ত্রিক ব্যবস্থায় জনপ্রতিনিধিদের দায়িত্ব ও ভূমিকা কী, সে সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারবে।অনুষ্ঠানের পাশাপাশি আয়োজন করা হয় কুইজ প্রতিযোগিতারও। দেশের সংবিধান, গণতন্ত্র, রাজনৈতিক ব্যবস্থা ও সাধারণ জ্ঞানভিত্তিক প্রশ্নোত্তরে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা অংশ নেয়। তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উৎসাহে পুরো অনুষ্ঠানটি হয়ে ওঠে আরও আকর্ষণীয়।

