রায়গঞ্জ সুরেন্দ্র নাথ মহাবিদ্যালয়ে আলোচনা চক্র”ফাগুনের রঙে রাঙা হোক ভাষারই জয়গান”
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,৭ মার্চ:উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ সুরেন্দ্র নাথ মহা বিদ্যালয়ে শনিবারআয়োজিত হল ‘ফাগুনের রঙে রাঙা হোক ভাষারই জয়গান’ নামক আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। বসন্তের আঙিনায় ভাষার বিস্তার কেমন, প্রকৃতির রং সাহিত্যের সৃজনশীল সত্যকে কীভাবে রাঙিয়ে দিয়ে যায় তা নিয়ে চমৎকার একটি আলোচনার সাক্ষী রইল রায়গঞ্জবাসী। আয়োজক বাংলা বিভাগ ও IQAC। বিশেষ অতিথি রূপে উপস্থিত ছিলেন বিশিষ্ট লোকসংস্কৃতি গবেষক ও শিক্ষাবিদ ড. সুনীল চন্দ।

তাঁর বক্তব্যে উঠে আসে মাতৃভাষায় শিকড়ের টান এবং ভাষা সংস্কৃতির প্রতি বাঙালির দায়িত্বশীলতার কথা। বসন্তের আবহাওয়া নিজের সৃষ্টি সম্ভার এবং নিজের শৈশবের স্মৃতি ধরে ভাষার নানা স্তর নিয়ে তিনি আলোচনা করেন। অধ্যক্ষ ড. চন্দন রায় বাঙালির ভাষা সংস্কৃতির আদি পর্ব থেকে বিবিধ লেখকের বাংলা ভাষাপ্রীতি ও বাংলা ভাষার প্রবহমানতা নিয়ে আলোচনা করেন। বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. শিমুল সরকার মহাশয় ভাষা আন্দোলনের কথা বলেন। নৃত্য গীত ও কবিতার মধ্য দিয়ে একটি মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠান তুলে ধরে বিভাগের ছাত্র ছাত্রীরা। বাংলা বিভাগের শিক্ষিকা মৌমিতা দাস উদ্বোধনী সংগীত ছাড়াও অনুষ্ঠানের ভাব অনুসারে বেশ কিছু সংগীত পরিবেশনা করেন। কবিতা পাঠ করেন অধ্যাপক পূর্বাশা ওঝা। সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষিকা মহুয়া পাল ও মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মিলে নৃত্য গীত কবিতাসহ একটি অনুষ্ঠান তুলে ধরেন। নৃত্যে বর্ষা মোদকের কথা বিশেষভাবে বলতে হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক পুরুষোত্তম সিংহ। তাঁর অনবদ্য কথাসুরে অনুষ্ঠানের তাৎপর্য অনেকখানি বৃদ্ধি পায়।ধন্যবাদ জ্ঞাপন করেন শিক্ষিকা সোমা সরকার।

